বলিউড অভিনেতা অক্ষয় কুমার বড় পর্দার পাশাপাশি মঞ্চেও ঝুঁকিপূর্ণ স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন। এবার পোশাকে আগুন জ্বালিয়ে এবং হাতে তলোয়ার নিয়ে বিপজ্জনক স্টান্ট করে আলোচনায় এসেছেন বলিউডের এই ‘খিলাড়ি’।
সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে পারফর্ম করেন অক্ষয়। তারকাখচিত এই আয়োজনে বলিউডের আরও কয়েকজন তারকার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। অক্ষয়ের সেই পরিবেশনার ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন অক্ষয়। এ সময় নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। অন্য একটি ভিডিওতে মাথায় জ্বলন্ত প্রপ তুলে নিতে দেখা যায় অভিনেতাকে। তখন তার পোশাকেও আগুন জ্বলছিল। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশনা দেখে উপস্থিত দর্শকেরা বিস্মিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার স্টান্ট নিয়ে প্রশংসা করছেন অনেকে।
তবে আগুন নিয়ে এমন স্টান্ট অক্ষয়ের জন্য নতুন নয়। এর আগেও দর্শকদের সামনে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কসরত দেখিয়েছেন তিনি। অ্যাকশনধর্মী সিনেমায়ও নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন এই অভিনেতা। অনেক তারকা বিপজ্জনক দৃশ্যে বডি ডাবল ব্যবহার করলেও অক্ষয় নিজের কাজ নিজে করার জন্য পরিচিত।
অবশ্য এ ধরনের স্টান্টে ঝুঁকিও কম নয়। ক্যারিয়ারের শুরুর দিকে স্টান্ট করার অভিজ্ঞতা নিয়ে এক খোলামেলা আলাপচারিতায় অক্ষয় জানিয়েছিলেন, তখন নিরাপত্তাব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। ভিএফএক্স ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছিল সীমিত। ফলে অনেক বিপজ্জনক দৃশ্য বাস্তবেই ধারণ করতে হতো, যা ছিল বেশ ঝুঁকিপূর্ণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।