রংপুরের মিঠাপুকুরে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মাঠেরহাট খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে।
জানা গেছে, খালিদ অবিবাহিত ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। দেড় মাস আগে পরিবারের সদস্যরা তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা জোগাড় করতে তিনি গরু চুরির উদ্দেশ্যে সেখানে যেতে পারেন। এ সময় তার সঙ্গে আরও ৫-৬ জন ছিলেন বলে জানা গেছে। অন্যরা পালিয়ে যেতে পারলেও খালিদ পালাতে না পেরে গোয়ালঘরেই লুকানোর চেষ্টা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে মাঠেরহাট খিয়ারপাড়া গ্রামের মুদি দোকানি আবু হোসেনের বাড়িতে প্রবেশ করেন খালিদ। পরে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আবু হোসেন গোয়ালঘরে তাকে দেখতে পান। এ সময় ‘চোর চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর খালিদকে আটকে রাখলে উত্তেজিত জনতা মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খারাপ দেখে মিঠাপুকুর থানার ডিউটি অফিসারকে ফোন করেন। তবে পুলিশ থেকে তাকে বলা হয়, কেউ বাদী না হলে পুলিশ গিয়ে কী করবে। পরে তিনি জানতে পারেন, ছেলেটি গ্রাম পুলিশের হাতেই মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।