সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে ইরানের একটি মাছ ধরার জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। জাহাজটিতে থাকা ২১ জন ইরানি নাবিক এবং দুজন সোমালি নিরাপত্তারক্ষীকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ইরানের ‘আজিনি’ নামের মাছ ধরার জাহাজটি ছিনতাই করা হয়। সোমালিয়ার পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ বাহিনীর এক কর্মকর্তা জানান, ১২ জন জলদস্যু এ ঘটনায় অংশ নিয়েছিল।
জাহাজে থাকা নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভারত মহাসাগরের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ছিনতাই হওয়া জাহাজটি বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ নৌপথের কাছাকাছি অবস্থান করছিল। সংস্থাটির আশঙ্কা, জলদস্যুরা জাহাজটিকে অন্য বাণিজ্যিক জাহাজের ওপর হামলার সহায়ক নৌযান হিসেবে ব্যবহার করতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান পরিচালনাকারী সংস্থা অপারেশন আটালান্টা ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য জানাতে বলা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার উপকূলবর্তী এলাকায় জলদস্যুতার ঘটনা আবার বেড়েছে। এপ্রিলের পর থেকে ছয়টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে এমটি অনার নামের একটি ট্যাংকার পুনরুদ্ধারের সময় জলদস্যুদের হাতে পাঁচজন নাবিক নিহত হয়েছিলেন বলে পুন্টল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছিল।
সূত্র: এপি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।