দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়ায় পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে দেড় লাখ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করেছে প্রতিষ্ঠানটি। এতে খনিটির আগের সব মাসিক উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে গেছে।
খনি সূত্রে জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন ও উন্নয়নকাজে জিটিসির সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তির পর থেকে ধারাবাহিকভাবে উৎপাদন বাড়ছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়। এ সময়ে দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার মেট্রিক টন। খনির উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমে জিটিসির বিদেশি খনি বিশেষজ্ঞ দল কাজ করছে।
১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ২০০৭ সালের ২৫ মে খনিটি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হলেও বর্তমানে জিটিসির ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হচ্ছে।
খনি সূত্র আরও জানায়, পাথর উত্তোলনে ধারাবাহিক রেকর্ডের ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির কয়েকটি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে সমন্বয় করে খনিতে উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। জিটিসি পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। বর্তমানে খনিতে পাথর বিক্রিও বেড়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।