হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৫০) ও নিহত মুকুল হোসেন বিরামপুরের কৃষ্ণ চাঁদপুর এলাকার মনিরুদ্দীনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে কৃষ্ণ চাঁদপুর এলাকায় ছোট ভাই মুকুল হোসেনের ধানের জমিতে ময়লা ফেলেন বড় ভাই দেলোয়ার হোসেন ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫)। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়।
একপর্যায়ে বড় ও মেজো ভাই মুকুল হোসেনকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে বুকের ডান পাশে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান মুকুল।
পরে পরিবারের সদস্যরা তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালেই তাঁর মৃত্যু হয়।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।