দিনাজপুর

বীরগঞ্জে ঢেমঢেমিয়া কালী মেলার বর্ণাঢ্য উদ্বোধন, ঘোড়া-মহিষের বেচাকেনায় ঐতিহ্যের মহামিলন

দিনাজপুর প্রতিনিধিঃ ঘোড়া-মহিষের বেচাকেনা, বাহারি পণ্যের পসরা আর দূরদূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালী মেলা। প্রায় দেড় শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস ও লোকজ ঐতিহ্য ধারণ করে আসা এ মেলা এখন আর শুধু ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি পরিণত হয়েছে উত্তরাঞ্চলের মানুষের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

স্থানীয় ইতিহাস ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলা ১২৮০ সাল থেকে এ মেলার প্রচলন। বীরগঞ্জ উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী, চাপাপাড়া ও হিরামণি মৌজার বিস্তীর্ণ এলাকাজুড়ে বসে মেলাটি। শ্রীশ্রী শ্যামাপূজা ও কালীপূজাকে কেন্দ্র করে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শুরু হয় এর ধর্মীয় আনুষ্ঠানিকতা। সময়ের পরিবর্তন ঘটলেও প্রজন্ম থেকে প্রজন্মে মেলার ঐতিহ্য ও আবেদন ধরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ ঘোড়া ও মহিষের বেচাকেনা। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী, খামারি ও পশু বিক্রেতারা এসব পশু নিয়ে আসেন। ক্রেতাদের পাশাপাশি পশু দেখতে ভিড় করেন উৎসুক দর্শনার্থীরাও। ঘোড়া-মহিষের হাট ঘিরে মেলাপ্রাঙ্গণে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মনোজ কুমার রায়, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মশিউর রহমান। এ ছাড়া মেলা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের কাছে ঢেমঢেমিয়া কালী মেলা শুধু কেনাবেচা কিংবা বিনোদনের আয়োজন নয়, বরং বহু প্রজন্মের স্মৃতি, গ্রামীণ অর্থনীতি ও লোকজ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহাসিক ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে মেলার সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তাঁরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...