মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি এর কার্যকারিতা বাড়াতে ছয়টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে। একই সঙ্গে জব্দ করা পণ্যের হিসাব সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ, জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠন এবং পেশকার নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ছয়টি নির্দেশনা অন্তর্ভুক্ত করে পরিপত্রটি জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযানের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে ফুটেজের একটি কপি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় রাখতে হবে। পাশাপাশি ফুটেজের অনুলিপি পাঠাতে হবে জেলা পর্যায়ের মিডিয়া সেলে। মোবাইল কোর্টের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী আদালতে এসব ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করা যাবে।
জব্দ করা পণ্য সংরক্ষণের ক্ষেত্রেও নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। পণ্য বুঝে নেওয়া, সংরক্ষণ ও তদারকি এবং আদালতের প্রয়োজনে সেগুলো সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর দিতে হবে। প্রতিটি জব্দ করা পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
পণ্যের হিসাব ও সংরক্ষণব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে সেগুলো পরীক্ষা করে সত্যায়ন করতে হবে। দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্য প্রচলিত নিয়ম অনুসরণ করে নিষ্পত্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলায় সরকারের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য আইনজীবী নির্ধারণ করবেন জেলা ম্যাজিস্ট্রেটরা। এ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী বাছাই করতে হবে। তাঁদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে।
আপিল মামলার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে লিখিত আদেশের মাধ্যমে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও পাঠাতে হবে।
জনসাধারণের কাছে মোবাইল কোর্টের অভিযানসংক্রান্ত তথ্য পৌঁছে দিতে প্রতিটি জেলায় চার সদস্যের একটি করে মিডিয়া সেল গঠন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই সেলের নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিডিয়া সেলের দায়িত্ব হবে মোবাইল কোর্টের অভিযানের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। সেগুলো সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এ কাজে কারিগরি সহায়তাও নেওয়া যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।