শীতের আগমনের সঙ্গে সঙ্গে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বাড়ির পতিত আঙিনা ও উঠানে শীতকালীন সবজি চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। এতে একদিকে পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তাঁরা।
জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়াপাড়া, মাঝিপাড়া ও পুরানাপৈলসহ পৌর শহরের শাপলা নগর, বুলুপাড়া ও বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গা এবং উঠানে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে।
এসব বাগানে বাঁধাকপি, ফুলকপি, হলুদ, বেগুন, বিটরুট, লালশাক, পালংশাক, টমেটো, গাজর, ধনেপাতা, ডাঁটা, পেঁয়াজ, কলমিশাক, নাফাশাক, রসুন, মুলা, স্কোয়াশ, শিম, মটরশুঁটি ও লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উৎপাদন করা হচ্ছে। ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে এসব সবজি চাষ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চাষিরা। তাঁদের বাগানে ভালো ফলনও হয়েছে।
পৌর শহরের সবুজ নগর এলাকার বাসিন্দা মোস্তাকিম হোসেন বলেন, নিজের হাতে সবজি চাষ করার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। বাড়ির সামনের জায়গা ফেলে না রেখে সেখানে সবজি চাষ করেছেন তিনি।
সদর উপজেলার বানিয়াপাড়ার কৃষক নয়ন হোসেন জানান, বাড়ির সামনের আঙিনাটি আগে পতিত পড়ে থাকত। সেখানে সবজি চাষ করে ভালো ফলন পেয়েছেন। এখন পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত সবজি বিক্রি করে বাড়তি আয়ও হচ্ছে।
মাঝিপাড়া এলাকার নাঈম হাসান বলেন, বাড়ির সামনের আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন তিনি। পরিবারের সদস্যদের খাওয়ার চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত সবজি বাজারেও বিক্রি করছেন।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, বাড়ির উঠানে সবজি চাষ মূলত শখের বিষয়। তবে বাড়ির আশপাশের পতিত জমি পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।