নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টর-ট্রলির দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ও কালভার্ট। পাশাপাশি এসব যানবাহনের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গ্রাম থেকে শহরের বিভিন্ন সড়কে মাহিন্দ্রা, সোনালিকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ট্রাক্টর-ট্রলি অবাধে চলাচল করায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এসব যানবাহনের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ট্রাক্টর ও ট্রলি চলাচল করছে। কৃষিকাজে ব্যবহারের জন্য এসব যানবাহন কেনা হলেও অনেক ক্ষেত্রে বালু, মাটি, ইট, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত ওজনের মালামাল নিয়ে চলাচলের কারণে সড়কের ওপর বাড়ছে চাপ। বিশেষ করে সদ্য নির্মিত পাকা সড়ক ও কালভার্ট দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
তাঁদের ভাষ্য, ভারী ট্রাক্টর-ট্রলির নিয়মিত চলাচলে অনেক পাকা সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। একইভাবে কাঁচা সড়কগুলোও খানাখন্দে পরিণত হয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।
শুধু সড়ক নয়, অতিরিক্ত ভার বহনকারী ট্রাক্টর-ট্রলির চাপে বিভিন্ন এলাকার কালভার্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দ্রুত এসব কালভার্ট সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ছাড়া এসব যানবাহনের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর অভিযোগ, ট্রাক্টর-ট্রলির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও অবৈধ চলাচল বন্ধ হচ্ছে না। ফলে সরকারি অর্থে নির্মিত সড়ক ও অবকাঠামো দ্রুত নষ্ট হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার প্রয়োজনীয়। তবে জনবহুল সড়কে অনুমোদনহীনভাবে ট্রলি সংযুক্ত করে ভারী মালামাল পরিবহন এবং বেপরোয়া গতিতে চলাচল বন্ধ করা জরুরি। সড়ক ও কালভার্টের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরও দাবি জানান তাঁরা।
সচেতন মহলের মতে, অবৈধ ট্রাক্টর-ট্রলির চলাচল বন্ধে শুধু অভিযান চালালেই হবে না, প্রয়োজন নিয়মিত নজরদারি, যানবাহনের বৈধতা যাচাই এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট দ্রুত সংস্কারের পাশাপাশি নতুন সড়ক নির্মাণের সময় ভারী যানবাহনের চাপ বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি অর্থে নির্মিত সড়ক ও অবকাঠামো রক্ষায় অবৈধ ট্রাক্টর-ট্রলির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।