বর্ষা নেই, বৃষ্টিও নেই। তবু শুষ্ক মৌসুমে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে শুরু হয়েছে ভাঙন। উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দুটি ওয়ার্ডের কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগানসহ আশপাশের এলাকায় নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় শেষ সম্বলটুকু হারানোর আশঙ্কায় দিশেহারা নদীপাড়ের কয়েকশ পরিবার।
স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে দুধকুমার নদীর ভাঙনে ওই এলাকার অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়েছে। ভিটেমাটি হারিয়ে কেউ বাঁধে, কেউ আবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শুষ্ক মৌসুমেও ভাঙন অব্যাহত থাকায় নতুন আশ্রয়টুকুও হারানোর শঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। একের পর এক ভাঙনে ঘরবাড়ি হারিয়ে এসব পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে।
কাঠগিরি এলাকার ষাটোর্ধ্ব কমলা বেগম জানান, গত বর্ষায় দুধকুমার নদীর ভাঙনে তাঁর বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর অন্যের জমিতে আশ্রয় নেন তিনি। কিন্তু শুষ্ক মৌসুমেও যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে বর্তমান আশ্রয়টুকুও হারাতে হতে পারে। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কমলা বেগমের মতো প্রতি বছর জমিজমা ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন এলাকার অনেক পরিবার। খোতেজা বেগম জানান, দুধকুমার নদীর ভাঙনে এ পর্যন্ত তাঁর বসতভিটা পাঁচ থেকে ছয়বার নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে অন্য চরে গিয়ে বারবার নতুন করে ঘর তুলেছেন তিনি। এখন অন্যের জমিতে কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। কিন্তু সেই জমিটিও নদীর তীরের কাছাকাছি চলে এসেছে। এবার সেটিও নদীতে বিলীন হলে কোথায় আশ্রয় নেবেন, তা জানেন না তিনি।
স্থানীয় বাসিন্দা নুর জামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে নদীভাঙনে এলাকার অনেক ফসলি জমি, সুপারি বাগান, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। একই পরিস্থিতি আবারও দেখা দিয়েছে শুষ্ক মৌসুমে। এ বিষয়ে আগে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। এমনকি মানববন্ধন করেও কোনো ফল হয়নি। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নদীপাড়ের বাসিন্দাদের দাবি, সাময়িক ত্রাণ নয়, তাঁদের প্রয়োজন স্থায়ী সমাধান। দুধকুমারের ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে বাপ-দাদার রেখে যাওয়া বসতভিটা ও ফসলি জমি রক্ষা পাবে বলে মনে করছেন তাঁরা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, মানববন্ধনের কথা তিনি শুনেছেন এবং ভাঙনকবলিত এলাকায় খোঁজ নিয়েছেন। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।