রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে জরাজীর্ণ বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পড়ছে ১২০ শিশু, নালার পানি পান করে স্কুলের শিশুরা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে চলছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তৃষ্ণা মেটাতে শিক্ষার্থীদের পান করতে হচ্ছে পাশের ড্রেনের পানি। বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকা এবং জরাজীর্ণ ভবনের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসছে প্রায় ১২০ শিশু।

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের শিশুদের চিকিৎসক, শিক্ষক কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন পূরণের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানটিই নানা সংকটে ধুঁকছে। আশপাশের সাত-আটটি গ্রাম এবং প্রায় পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে এটিই একমাত্র প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান। পাঁচজন শিক্ষক কোনো বেতন-ভাতা ছাড়াই এসব সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান করে আসছেন।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবনটি মাটির দেয়ালে তৈরি। ওপরে রয়েছে মরিচা ধরা ও ছিদ্রযুক্ত টিনের চালা। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। পর্যাপ্ত বেঞ্চ ও শ্রেণিকক্ষ না থাকায় একই কক্ষে গাদাগাদি করে একাধিক শ্রেণির পাঠদান চলে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি পানীয় জলের ক্ষেত্রে। নলকূপ বা নিরাপদ পানির কোনো ব্যবস্থা না থাকায় শিশুরা বাধ্য হয়ে পাশের ড্রেনের পানি পান করে। এতে তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ ছাড়া বিদ্যালয়ে যাতায়াতের কাঁচা রাস্তাটি বর্ষাকালে কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে মিশনারিরা চলে গেলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে ‘বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে আবারও এর কার্যক্রম শুরু হয়।

বড়াইল গ্রামের অধিকাংশ বাসিন্দা আর্থিকভাবে অসচ্ছল আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। স্থানীয়দের মতে, বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে এলাকার বিপুলসংখ্যক শিশু প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়বে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তৃষ্ণা পেলে ড্রেনের পানি পান করতে তাদের ভয় লাগে। কিন্তু বিকল্প না থাকায় বাধ্য হয়ে সেই পানি পান করতে হয়। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখতে হয়। তারপরও শিক্ষকদের আন্তরিকতার কারণে তারা নিয়মিত বিদ্যালয়ে আসে। দ্রুত নতুন ভবন নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিদ্যালয়ের সরকারি স্বীকৃতির দাবি জানিয়েছে তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কোনো বেতন-ভাতা ছাড়াই পাঁচজন শিক্ষক নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন। কিন্তু জরাজীর্ণ ভবন, নিরাপদ পানির অভাব ও শিক্ষা উপকরণের সংকটে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিশুদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষকদের শ্রমেরও মূল্যায়ন হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস না দিয়ে অবিলম্বে বিদ্যালয়টিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা, নতুন ভবন ও শৌচাগার নির্মাণ এবং সরকারি স্বীকৃতির উদ্যোগ নিতে হবে। অন্যথায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে এলাকার শিশুদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে।

এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, তাঁরা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন। অবকাঠামোগত সমস্যা ও নিরাপদ পানির সংকট তাঁদের নজরে এসেছে। নতুন ভবন নির্মাণ এবং নিরাপদ পানির ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সরকারি স্বীকৃতির বিষয়টি প্রচলিত নীতিমালা অনুযায়ী বিবেচনা করা হবে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা তাঁরা জেনেছেন। সরেজমিনে পরিদর্শন করে নিরাপদ পানির সংকট ও জরাজীর্ণ ভবনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রঃ ঢাকামেইল

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...