রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে ৬৯ স্কুল চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। বছরের পর বছর এসব বিদ্যালয়ের শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে বিদ্যালয় পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি পাঠদানের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৮টি। এর মধ্যে ৬৯টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ৪৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছেন চলতি দায়িত্বে। আর ৫৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিজ পদে দায়িত্ব পালন করছেন।

নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় সবচেয়ে বেশি চাপ সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা শিক্ষকদের। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, শিক্ষার্থীদের দেখভাল এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বও পালন করতে হচ্ছে তাঁদের।

উপজেলার অন্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, কয়েক বছর ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। একদিকে নিজের শ্রেণির পাঠদান, অন্যদিকে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ—সবই সামলাতে হচ্ছে তাঁকে। কখনো দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হলে বিদ্যালয়ের পাঠদান পরিচালনায় সমস্যা হয়। তখন সহকারী শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। এ অবস্থার দ্রুত সমাধান প্রয়োজন।

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই তাঁদের পদায়নের উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী সময়ে অথবা একই সঙ্গে শূন্য পদগুলোতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তখন এ সমস্যার সমাধান হবে।

তবে প্রধান শিক্ষক পদ শূন্য থাকলেও শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে না এবং কোনো ধরনের শিখন ঘাটতি তৈরি হচ্ছে না বলে দাবি করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...