দিনাজপুর

দিনাজপুরে মাদরাসার শৌচাগার থেকে শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের বিরল উপজেলায় একটি কওমি মাদরাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় মাদরাসার শিক্ষক ও তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই শেষে রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা সোলায়মান আলী বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

নিহত সাফায়েত হোসেনের বয়স নিয়ে দুটি সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি সূত্রে তার বয়স আট বছর এবং অন্যটিতে সাত বছর উল্লেখ করা হয়েছে। সে বিরল উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে বিরল পৌর শহরের কলেজ রোডে অবস্থিত মাদরাসাতুস সুন্নাহ কওমি মাদরাসার নুরানি শাখার প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল সে। সেখানে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে সাফায়েতের দাদা সাফিজ উদ্দীন মাদরাসায় গিয়ে নাতির সঙ্গে দেখা করেন। পরে তিনি বাড়ি ফিরে যান। রাত ৮টার পর মাদরাসার একটি শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় শিক্ষকদের। দরজায় ধাক্কা দিয়েও ভেতর থেকে সাড়া না পেয়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলেন মাদরাসার মুহতামিম মোকাররম হোসেন। এ সময় ভেতরে একজনকে পড়ে থাকতে দেখে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করেন তাঁরা।

পরে দ্রুত শিশুটিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়ে প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার মুহতামিম মোকাররম হোসেনকে আটক করে পুলিশ। তিনি একই উপজেলার বৈরাগীপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে ও মাদরাসার হেফজ বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে (১৩) আটক করা হয়। আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোকাররম হোসেনের পারিবারিক সম্পর্কেও শ্যালক-দুলাভাইয়ের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, মাদরাসাশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে শ্বাসরোধের বিষয়টি ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান জানান, নিহত শিশুর বাবা সোলায়মান আলী বাদী হয়ে মাদরাসার মুহতামিম মোকাররম হোসেন ও সহপাঠী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন। বিরল থানায় ১৪ নভেম্বর ৩০২/৩৪ ধারায় ২২ নম্বর মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আটক শিক্ষক ও শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...