দিনাজপুর

দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে পুণ্যার্থীদের ঢল

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ছট পূজা। সূর্যাস্ত ও সূর্যোদয়কে কেন্দ্র করে দুই দিনব্যাপী এ পূজায় নদীর তীরে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে নদীর দুই পাড়।

প্রতি বছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবতার আরাধনায় এ পূজার আয়োজন করা হয়। দিনাজপুর শহরের পুনর্ভবা নদীর সাধুর ঘাট, ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর তীরসহ জেলার ১৯টি নদীর তীরে ছট পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মনোবাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং বিভিন্ন মানত পূরণের আশায় হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এ পূজায় অংশ নেন। পুণ্যার্থীদের পদচারণায় নদীর তীর হয়ে ওঠে মুখর। সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলার।

রোববার (১৫ নভেম্বর) ছিল ছট পূজার প্রথম দিন। সূর্যাস্তের আগে থেকেই উপবাস পালন করে ফুল, ফল, প্রসাদ, বাদ্যযন্ত্র ও পূজার নানা উপকরণ নিয়ে দিনাজপুর শহরের কাঞ্চন সেতুসংলগ্ন পুনর্ভবা নদীর সাধুর ঘাটে সমবেত হন পুণ্যার্থীরা। সূর্যাস্তের ঠিক আগে নদীতে স্নান সেরে হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে শুরু করেন পূজা-অর্চনা। সূর্য ডোবার পর ধর্মীয় আচার সম্পন্ন করে তাঁরা বাড়ি ফিরে যান।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে আবারও নদীর তীরে সমবেত হবেন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের আগ মুহূর্ত থেকে শুরু হবে দ্বিতীয় দিনের পূজা। সূর্য ওঠার পর সূর্যদেবতাকে প্রণাম, নদীতে স্নান ও শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এ আয়োজন। পূজা শেষে একে অপরকে আবির মাখিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠবেন তাঁরা।

এদিকে সন্তান লাভের আশায় অনেক পুণ্যার্থী ভোরে নদীতে মাটির তৈরি বড় বড় হাতির পিঠে প্রদীপ জ্বালিয়ে তা ভাসিয়ে দেন। তাঁদের বিশ্বাস, সূর্যদেবতার আশীর্বাদে পূরণ হবে মনের আশা।

ছট পূজায় অংশ নিতে আসা ঈশ্বর চন্দ্র গুপ্ত, মালা সরকার ও শুক্লা সাহা বলেন, সূর্যদেবতাকে সন্তুষ্ট করতেই তাঁরা এ পূজা করেন। ছট পূজার মাধ্যমে সূর্যদেবতা সন্তুষ্ট হন এবং তাঁদের মনোবাসনা ও মানত পূরণ করেন বলে তাঁদের বিশ্বাস। এ আশায় প্রতিবছর পুনর্ভবা নদীর তীরে পূজা করতে আসেন তাঁরা। পাশাপাশি জগতের সকলের শান্তি কামনাও এ পূজার অন্যতম উদ্দেশ্য।

ছট পূজা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে প্রচলিত হলেও পুনর্ভবা নদীর তীরে এ আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজাকে ঘিরে নদীর পাড়ে বসেছে নানা ধরনের খেলনা ও খাবারের দোকান। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এসেছেন উৎসব দেখতে। ধর্মীয় ভক্তি, আনন্দ ও সম্প্রীতির মেলবন্ধনে পুনর্ভবা নদীর তীর হয়ে উঠেছে প্রাণবন্ত জনসমাগমস্থল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...