জাতীয়

স্লিপার বাস চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

দেশে স্লিপার বাস চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের বাস চলাচলে নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি রয়েছে—শুধু এমন বাসই সড়কে চলাচল করতে পারবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

সেদিন আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল।

শুনানিতে তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন বিধানের বিষয়টি তুলে ধরেন। আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘনের বিষয়টি উল্লেখ রয়েছে। এ ধরনের অপরাধের জন্য আইনের ৮৪ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে। এ প্রেক্ষাপটে আদালত বলেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই রাস্তায় চলতে পারবে। স্লিপার বাস চলাচলের অনুমতি নেই এবং হাইকোর্টও এ ধরনের বাস চালানোর অনুমতি দেননি।

স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নতুন রুলের ফলে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ কী হয়, তা এখন দেখার বিষয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...