নাটোরের লালপুরে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী ও ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার আবেদ মোড় বাজার থেকে আওয়ামী লীগ কর্মী মো. উজ্জল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর থানা পুলিশের একটি দল আবেদ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. রাহান আলী (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে।
আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু তাহের সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উত্তর দুয়ারী টিনশেড ঘরের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি এবং ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।