রাজশাহী

জরিমানার প্রতিবাদে পুঠিয়ায় ফার্মেসি বন্ধ

রাজশাহীর পুঠিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কয়েকটি ফার্মেসিকে জরিমানা করার প্রতিবাদে অধিকাংশ ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে দোকান বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধ কিনতে এসে বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলা সদরের পাঁচটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য সরবরাহ করা নমুনা ওষুধ বিক্রির অভিযোগে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা ফার্মেসি মালিক সমিতির সিদ্ধান্তে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন ব্যবসায়ীরা। জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু, আলহামদুলিল্লাহ, লাইফ কেয়ার ও আরএস ফার্মেসির নাম জানা গেছে।

ফার্মেসি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ফেরদৌসী নামের এক নারীর ইনজেকশন প্রয়োজন হলেও আশপাশের ওষুধের দোকান বন্ধ থাকায় তা সংগ্রহ করতে পারেননি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন আমি কোথায় যাব, কোথায় গেলে ওষুধ পাব, কিছুই বুঝতে পারছি না। সব দোকানপাট বন্ধ।’ তাঁর মতো আরও কয়েকজন রোগীও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে দুর্ভোগের কথা জানিয়েছেন।

দোকান বন্ধ রাখার বিষয়ে পুঠিয়া সদরের আল-আমিন ফার্মেসির স্বত্বাধিকারী রবিউল ইসলাম বলেন, ‘আমরা আর কত টাকা লাভ করি? দুদিন পরপর এসে আমাদের জরিমানা করা হয়। অনেক রোগী ওষুধ কিনতে আসছেন। তাঁদের ওষুধ দিতে না পেরে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু এখন সমিতির সিদ্ধান্ত, আমরা তো আর তা অমান্য করতে পারি না।’

পুঠিয়া ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজু বলেন, ‘আমি শুনেছি কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। একটি দোকানদার সারাদিনে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন না, অথচ তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা দোকান খুলবেন না এবং জরিমানাও দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই সব ফার্মেসি বন্ধ রয়েছে।’

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...