দিনাজপুর

দিনাজপুরে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামল

দিনাজপুর প্রতিবেদকঃ শীতের আগমনী বার্তা নিয়ে দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে কুয়াশা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়।

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমতে পারে।

গত কয়েক দিন ধরে জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ ঘন কুয়াশা নেমে আসায় মঙ্গলবার সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

ঘন কুয়াশায় কৃষিকাজেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তাঁদের মতে, কুয়াশার কারণে আমন ধান কাটা, আলুবীজ রোপণ এবং আলু ও অন্যান্য সবজির ক্ষেতের পরিচর্যায় বাড়তি খরচ হতে পারে।

শহরের বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব বলেন, কয়েক দিন ধরে হালকা কুয়াশার পাশাপাশি শীতও অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার ঘন কুয়াশা পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ বাড়বে এবং শীতের তীব্রতাও বাড়তে পারে।

সদর উপজেলার শশরা গ্রামের আলী আকবর বলেন, মঙ্গলবারের কুয়াশা জানান দিচ্ছে, উত্তরের জেলায় শীত এসে গেছে। তাই তাঁরা শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

উলিপুর গ্রামের আসাদুজ্জামান আসাদ বলেন, ঘন কুয়াশা রবিশস্যের জন্য কিছুটা ক্ষতিকর। কুয়াশা থেকে ফসল রক্ষা করতে সবজি চাষে বাড়তি খরচ হতে পারে। আগাম আলুর জন্যও কুয়াশা ক্ষতিকর হতে পারে। প্রতিদিন স্প্রে করতে হলে উৎপাদন খরচ বেড়ে যাবে।

সবজি নিয়ে বাজারে আসা একই গ্রামের কৃষক লিটন বলেন, ফজরের নামাজের পর কুয়াশার কারণে রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে দেরিতে বের হয়ে সাইকেলে করে সবজি নিয়ে বাজারে আসতে হয়েছে। মঙ্গলবারই তিনি প্রথম এত ঘন কুয়াশা দেখেছেন।

বাসশ্রমিক রায়হান বলেন, শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই এত কুয়াশা পড়েছে যে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েক দিন ধরে জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। তবে চলতি মৌসুমে মঙ্গলবার সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। এদিন সকাল ১১টায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চলতি সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...