লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ব্যক্তিকে মারধর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত দিয়ে তাঁকে বাংলাদেশে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে তিনি পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় পৌঁছান। সেখানে অপরিচিত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ এবং মায়ের নাম শেকেরী বালা বর্মণ বলে জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।
থানা-পুলিশ, বিজিবি, স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলারের কাছাকাছি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত এলাকা। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি ফটক দিয়ে ধনেশ্বরকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠান। এরপর তিনি হেঁটে সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে কদুর বাজার এলাকায় চলে আসেন।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। তিনি অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। কোন সীমান্ত দিয়ে এসেছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না। তবে তাঁর কথাবার্তা থেকে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক।
বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে কারিমুল ইসলাম বলেন, এখনো যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করা হলে পরে জানানো হবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, যেহেতু তাঁকে শূন্যরেখায় পাওয়া যায়নি, তাই বাংলাদেশকে আইনি ব্যবস্থা নিতে হবে।
ওসি আরও বলেন, ধনেশ্বরের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। ভারতে তাঁর স্বজন বা পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করা যায় কি না, সেই চেষ্টাও চলছে। তিনি সত্যিই ভারতীয় নাগরিক হলে এবং তাঁর কাছে পাসপোর্ট না থাকলে আইন অনুযায়ী মামলা করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।