রংপুর বিভাগ

ডোমারে গোয়ালঘরের দেয়াল ভেঙে চার বিদেশি জাতের গরু চুরি

নীলফামারীর ডোমারে গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন গরুর মালিক জাকারিয়া হোসেন।

জানা গেছে, জাকারিয়া হোসেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সোমবার রাতের কোনো একসময় চোরের দল তাঁর গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর চারটি গরু চুরি করে নিয়ে যায়।

জাকারিয়া হোসেন বলেন, শেষ সম্বলটুকু দিয়ে তিনি গরুগুলো কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে কয়েক দিন ধরে সেগুলোর বাড়তি যত্ন নিচ্ছিলেন। চারটি গরুই ছিল বিদেশি জাতের। এগুলোর বাজারমূল্য চার লাখ টাকার বেশি।

তিনি আরও জানান, ২০ থেকে ২৫ দিন আগেও চোরেরা গোয়ালঘরের তালা কেটে চুরির চেষ্টা করেছিল। তবে পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ায় চোরেরা দরজা খুলে পালিয়ে যায়।

জাকারিয়ার স্ত্রী সাথী বেগম বলেন, প্রতিদিন গরুগুলো থেকে সাত লিটারের বেশি দুধ পাওয়া যেত। সেই দুধ বিক্রির টাকা দিয়ে সংসারের খরচের পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয় মেটানো হতো। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় এখন সংসার চালানো ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...