দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গত সাত মাস ধরে তীব্র ওষুধসংকট চলছে। পর্যাপ্ত বরাদ্দের অভাব, অনিয়মিত সরবরাহ ও তদারকির দুর্বলতার কারণে এসব কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর ব্যতিক্রম নয় ভেড়ভেড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রও। সাধারণ ওষুধের পাশাপাশি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় উপকরণও সংকটে রয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এসব কেন্দ্র থেকে গর্ভবতী মা ও নবজাতকের যত্ন, প্রজনন স্বাস্থ্যসেবা এবং সাধারণ রোগের চিকিৎসায় প্রায় ৩০ থেকে ৩২ ধরনের অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে সরবরাহের কথা। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, অ্যান্টাসিড, আয়রন ও ভিটামিন ট্যাবলেট এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী। কিন্তু বর্তমানে খানসামার অধিকাংশ কেন্দ্রেই এসব ওষুধের সংকট দেখা দিয়েছে।
ভেড়ভেড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শুধু সাধারণ রোগবালাইয়ের ওষুধই নয়, বর্তমানে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয় ওষুধ বা সামগ্রীও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। সেবা নিতে আসা দম্পতিদের খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। এভাবে চলতে থাকলে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হবে এবং ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য সর্দি-কাশি, জ্বর কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ নিতেও এখন এসব কেন্দ্রে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। বাধ্য হয়ে চড়া দামে স্থানীয় বাজার বা ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে তাঁদের। বিশেষ করে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন। এতে তাঁদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ সহকারী জানান, দীর্ঘ সাত মাস ধরে তাঁরা নিয়মিত ওষুধ সরবরাহ পাচ্ছেন না।
স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। এসব কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী না থাকলে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন এবং তাঁদের চিকিৎসা ব্যয় বাড়বে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থাও কমতে পারে।
গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম সচল রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ, বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং ওষুধ সরবরাহব্যবস্থা শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও চিকিৎসকরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।