বিশ্ব

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর একটি রাডার স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের এই পাল্টাপাল্টি হামলায় প্রায় দুই মাসের বিরতির পর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আবারও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের এটি পাঁচ দিনের মধ্যে তৃতীয় হামলা। বাহরাইনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা আঞ্চলিক দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। পারস্য উপসাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ জলসীমায় মার্কিন সামরিক তৎপরতার জন্য দেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে, হামলায় কোনো মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষতি হয়নি এবং কোনো সেনাসদস্য আহত হননি। তবে হামলার পরপরই যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেয়।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির কাছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। কেশম দ্বীপের ওই স্থাপনায় নির্ভুল নিশানায় আঘাত হানার জন্য বিশেষ অস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন তিনি। সংবেদনশীল সামরিক অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে অনিচ্ছুক ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দেন।

স্থানীয় কর্মকর্তা আহমদ নাফিসি জানিয়েছেন, মার্কিন হামলায় আবাসিক বা বাণিজ্যিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে ইরানের সামরিক স্থাপনায় হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে নতুন করে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের বিরোধ, সামরিক অভিযান এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামরিক সংঘাত বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের জ্বালানি সরবরাহ ও নৌপরিবহনও ঝুঁকিতে পড়তে পারে।

যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় ইরানের জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ইরানও এই জলপথে জাহাজ চলাচলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে একাধিকবার নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির সামরিক কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এত দিন ইরান মার্কিন হামলার জবাবে নির্দিষ্ট সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক সময়ে বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা নতুন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি ও এর সঙ্গে থাকা নৌবহর ওই অঞ্চলে পৌঁছানোর পর পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও জোরদার হয়েছে। এর আগে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরি ওই অঞ্চলে অবস্থান করছিল।

মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি যুক্তরাষ্ট্রের আক্রমণ ও প্রতিরক্ষা—দুই ধরনের সক্ষমতাই বাড়িয়েছে। তবে ওয়াশিংটন দীর্ঘ সময় ধরে এই সামরিক উপস্থিতি বজায় রাখবে কি না, সে বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড বিস্তারিত কিছু জানায়নি।

ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং দেশটির আকাশসীমায় অভিযান চালানোর কারণে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক ঘাঁটি ও আঞ্চলিক স্থাপনা ব্যবহার করে হামলা চালানো হলে তার জবাব দেওয়া হবে।

ইরানের হামলার নিন্দা জানিয়েছে মিসর, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো বলেছে, বাহরাইনের সার্বভৌমত্বের ওপর এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

কাতারও সংঘাতের বিস্তার নিয়ে সতর্ক করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, এ ধরনের হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। দোহা মধ্যস্থতার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আলোচনায় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, অর্থনৈতিক অবরোধ ও সামরিক চাপের মুখে ইরান সংঘাতের মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও সামরিক উপস্থিতি জোরদার করছে। ফলে দুই পক্ষের মধ্যে নতুন কোনো হামলা হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...