বগুড়া শহরে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. আব্দুল করিম নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, মো. আব্দুল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। কিন্তু প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ ছাড়াই তিনি এলোপ্যাথিক চিকিৎসা দিচ্ছিলেন। চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবায় প্রতারণা রোধ এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।