বিশ্ব

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেমে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময়ে বাহরাইনেও কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে উপসাগরীয় অঞ্চলে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ১৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। সৌদি আরব, কাতার, পাকিস্তান ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলো নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে চেষ্টা করছে।

ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর। মার্কিন যুদ্ধবিমান সেখানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানে। এর আগে বাহরাইনে মার্কিন রাডার স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

এর জবাবে বুধবার ভোরে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল বিমান প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাকারী ড্রোন প্রতিহত করেছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বাহরাইনও জানিয়েছে, তাদের প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কুয়েতের ঘাঁটিতে হামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি।

এপি জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার, সমুদ্রের তলদেশের যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নৌপথও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

বিশেষ উদ্বেগের জায়গা হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। যুদ্ধের কারণে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় কিছু তেলবাহী জাহাজের চলাচল আবার শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান সামরিক উত্তেজনা বাড়িয়ে অবরোধের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য যুক্তরাষ্ট্রের জন্য বাড়াতে চাইছে।

এপি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলার ঘটনায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার হরমুজ প্রণালিতে হামলার ঘটনা ঘটলেও বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় প্রতিষ্ঠানটি। তবে হামলার জন্য কারা দায়ী, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। একদিকে তিনি নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন, অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার কথাও বলেছেন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন হামলার পক্ষে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মনে করছে, নতুন করে হামলা শুরু হলে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

পাকিস্তান ও তুরস্কসহ কয়েকটি দেশ কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তাদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হবে এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটবে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...