পোশাকশ্রমিকদের জীবনধারণের উপযোগী ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের মুনাফায় তাঁদের অংশীদারত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। তিনি বলেছেন, শুধু বেতন বাড়িয়ে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন সম্ভব নয়। উৎপাদন ও ব্যবসা থেকে অর্জিত মুনাফার একটি অংশও শ্রমিকদের দিতে হবে। এতে নিয়মিত আয়ের বাইরে বাড়তি অর্থ পেয়ে তাঁদের জীবনযাত্রার মান উন্নত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘পোশাকশ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ: বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ এ বৈঠকের আয়োজন করে। সঞ্চালনা করেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।
নাজমুন নাহার নিলু বলেন, ছোটবেলা থেকেই শিল্পাঞ্চলে বড় হয়েছেন তিনি। খুলনায় বেড়ে ওঠার সময় শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলন দেখেছেন। ফলে শ্রমিকদের জীবনসংগ্রাম ও তাঁদের দাবিদাওয়ার বিষয়গুলো তাঁর কাছে নতুন নয়।
বাংলাদেশের পোশাকশিল্পের ৫০ বছরের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে এ শিল্প থেকে। অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এ খাতের শ্রমিকদের জীবনযাত্রার মান নিয়েও যথেষ্ট ভাবতে হবে।
শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, সেই তুলনায় শ্রমিকদের আয় কতটা বেড়েছে, তা বিবেচনায় নেওয়া জরুরি। সংসদে এ বিষয়ে তিনি নোটিশ দিয়েছেন এবং বাণিজ্যমন্ত্রীর জবাবও পেয়েছেন। তবে বিভিন্ন সময়ের পণ্যমূল্যের পরিসংখ্যান দিয়ে শ্রমিকদের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়। তাঁদের বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, এখন ১০০ টাকায় এক কেজি মসুর ডালও কেনা যায় না। অথচ শ্রমিকদের ঘরভাড়া, খাবারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হয়। বর্তমান বাজারদরে শ্রমিকদের জীবনধারণ কতটা কঠিন, তা উপলব্ধি করা প্রয়োজন। শ্রমিকদের পক্ষ থেকে যে ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছে, সরকার তা বিবেচনা করে মেনে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে পোশাকশিল্পের মালিক ও সরকারের প্রতি অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান।
মালিক ও শ্রমিকের অংশীদারত্বের বিষয়ে নাজমুন নাহার নিলু বলেন, পোশাকশিল্পের মালিকদের নানা সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তারপরও এ শিল্পের উৎপাদন ও ব্যবসা থেকে যে মুনাফা অর্জিত হয়, তার সুফল শ্রমিকদেরও পাওয়া উচিত। শুধু মালিকেরা লাভের অংশ ভোগ করবেন আর শ্রমিকেরা নির্ধারিত বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন—এমন ব্যবস্থা কাম্য নয়।
তিনি বলেন, উৎপাদন বোনাসসহ বিভিন্ন ধরনের প্রণোদনার মাধ্যমে শ্রমিকদের মুনাফার অংশ দেওয়া যেতে পারে। এতে নিয়মিত বেতনের পাশাপাশি তাঁদের বাড়তি আয় হবে এবং সংসারের ব্যয় মেটাতে সুবিধা হবে। এ জন্য মালিকদের আরও মানবিক ও উদার হওয়ার আহ্বান জানান তিনি। শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের কল্যাণেও মালিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
পোশাকশিল্পে নারী শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের বিষয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, এ খাতে বিপুলসংখ্যক নারী শ্রমিক কাজ করলেও তাঁদের সমস্যাগুলো আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায় না। অনেক নারী শ্রমিক নিজেদের অধিকার ও অসুবিধার কথা প্রকাশ্যে বলতে পারেন না। তাঁরা যতটুকু সুযোগ-সুবিধা পান, তা নিয়েই সন্তুষ্ট থাকেন। কিন্তু তাঁদের প্রকৃত প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।
নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত বসার জায়গা, স্বাস্থ্যসম্মত টয়লেট ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, মজুরি বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত।
গাজীপুরে নারী শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে নাজমুন নাহার নিলু বলেন, সংসদে এ বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। গাজীপুরে বিপুলসংখ্যক পোশাকশ্রমিক কাজ করেন। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিত।
বিদেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন দেশে অনেক নারী শ্রমিক কারাগারে রয়েছেন। তাঁদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
সৌদি আরবে এক বাংলাদেশি নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গ উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ওই নারীর বিরুদ্ধে অভিযোগ কী ছিল, সেটি তাঁর বক্তব্যের মূল বিষয় নয়। বরং বিদেশে বিপদে পড়া নারী শ্রমিকদের পাশে বাংলাদেশ কতটা দাঁড়াতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।