গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিখোঁজের দুই দিন পর আব্দুল মমিন মিয়া (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। অন্য একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।
নিহত মমিন মিয়া উপজেলার মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজ এলাকার একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জাহাঙ্গীর আলমের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও রহর হাসদার ছেলে শ্রীমল হাসদা (২২)।
অন্যদিকে, দরবস্ত ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে মোতাহার হোসেন প্রধান (৬৫) অসুস্থ অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার জানান, জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মমিনের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।