স্কুলে ডিজিটাল পর্দার ব্যবহার কমাচ্ছে নরওয়ে, ফিরছে ছাপানো বই
শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিয়ে নতুন করে ভাবছে নরওয়ে। দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ল্যাপটপ, ট্যাবলেট ও ডিজিটাল পর্দার ব্যবহার বাড়ানোর পর এবার শিক্ষার্থীদের হাতে আবার ছাপানো বই ও খাতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে দেশটি। শিক্ষার্থীদের পড়া ও লেখার দক্ষতা কমে যাওয়ার উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার ব্যবহার নিয়েও বিধিনিষেধের পরিকল্পনা করছে সরকার। শনিবার এএফপির প্রকাশিত প্রতিবেদনে নরওয়ের এই নীতিগত পরিবর্তনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রায় দুই দশক ধরে নরওয়ের স্কুলগুলোতে কম্পিউটার ও ট্যাবলেটের ব্যবহার বাড়ানো হয়েছে। করোনাভাইরাস মহামারির সময় এ প্রবণতা আরও জোরদার হয়। ২০২৩ সাল থেকে রাজধানী অসলোতে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিজিটাল ডিভাইস সরবরাহের ব্যবস্থা রাখার কথা ছিল। ফলে অনেক শ্রেণিকক্ষে পাঠদান, অনুশীলন ও শিক্ষাসামগ্রী ব্যবহারের প্রধান মাধ্যম হয়ে ওঠে পর্দা।
কিন্তু এখন শিক্ষার্থীদের শেখার ফলাফল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পড়া ও লেখার দক্ষতায় অবনতি এবং দীর্ঘ লেখা বোঝার ক্ষেত্রে সমস্যার বিষয়টি সামনে আসার পর কর্তৃপক্ষ ডিজিটাল ডিভাইসের ব্যবহার কতটা কার্যকর, তা পুনর্বিবেচনা করছে। ২০২৪ সালে নরওয়ের একটি কমিশন পর্দা ব্যবহারের প্রভাব নিয়ে পর্যালোচনা করে। কমিশনের বক্তব্য ছিল, দীর্ঘ লেখা সাধারণত কাগজে পড়লে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে।
২০২৫ সালের পিসা জরিপেও নরওয়ের শিক্ষার্থীদের ফলাফল উদ্বেগ তৈরি করে। ১৫ বছর বয়সীদের পড়ার দক্ষতা, গণিত ও বিজ্ঞানের ফলাফলে দেশটির শিক্ষার্থীরা ওই বছর ওইসিডির গড়ের নিচে ছিল। ২০০৬ সালের পর এই প্রথম তিনটি ক্ষেত্রেই একসঙ্গে ওইসিডির গড়ের নিচে নেমে যায় নরওয়ে। ডিজিটাল পর্দার কারণে মনোযোগে বিঘ্ন ঘটছে কি না, সেটিও সম্ভাব্য কারণ হিসেবে আলোচনায় এসেছে।
নরওয়ের ডিজিটালাইজেশনমন্ত্রী তোরগেইর মিকেলসেন এএফপিকে বলেন, স্কুলে পর্দার ব্যবহার শুরু হয়েছিল খুব দ্রুত। এর প্রভাব এবং শিক্ষাদানে ডিজিটাল ডিভাইসের যথাযথ ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান তৈরি হওয়ার আগেই প্রযুক্তি শ্রেণিকক্ষে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাঁর বক্তব্যে বোঝা যায়, সরকার এখন প্রযুক্তি পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে এর ব্যবহার নিয়ন্ত্রণ ও শিক্ষার প্রয়োজন অনুযায়ী ব্যবহারের দিকে যেতে চায়।
এই পরিবর্তনের একটি উদাহরণ অসলোর শিক্ষক পল লুডভিগ ফিনস্টাড। ২০২৩ সালে তিনি শিক্ষার্থীদের আইপ্যাড সরিয়ে কাগজ-কলমে পড়াশোনার সুযোগ দেন। তাঁর মতে, শিক্ষার্থীরা পড়া ও লেখায় সমস্যায় পড়ছিল এবং তাদের শেখার জন্য নতুন পদ্ধতি জরুরি হয়ে উঠেছিল। কিন্তু সে সময় স্কুল প্রশাসন তাঁকে লিখিত সতর্কবার্তা দেয়। ২০২৪ সালে তিনি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন।
পরিস্থিতি বদলেছে। অসলোর পৌর কর্তৃপক্ষ এখন প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিজিটাল ডিভাইস রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে। ফলে স্কুলগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী বই, খাতা, ট্যাবলেট ও অন্যান্য শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ পাচ্ছে।
একটি স্কুলের প্রধান শিক্ষক সিলজে ভিন এএফপিকে বলেন, সমস্যা পর্দা নিজে নয়; সমস্যা হলো সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে। কোনো ক্ষেত্রে বই যেমন প্রয়োজনীয়, তেমনি আইপ্যাডও কাজে লাগতে পারে। একটি মাধ্যমকে অন্যটির বিকল্প হিসেবে বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। তাঁর বক্তব্য, পাঠ্যবস্তুর চেয়ে প্রযুক্তির ব্যবহার বড় হয়ে উঠলে শিক্ষার মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণেরও সুপারিশ করেছে নরওয়ের কর্তৃপক্ষ। পাশাপাশি পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার ক্ষেত্রে ধীরে এগোনোর কথা বলা হয়েছে। সরকার ছাপানো পাঠ্যবই পাওয়ার অধিকার আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নিচ্ছে। অর্থাৎ ডিজিটাল উপকরণ থাকলেও শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় কাগজের বই থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে চায় দেশটি।
প্রযুক্তি ব্যবহারের প্রশ্নটি শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নেই। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বয়সসীমা নির্ধারণের পরিকল্পনাও করছে সরকার। ২০২৪ সালে শিশুদের সুরক্ষার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধের উদ্যোগ ঘোষণা করা হয়। এ বছরের শেষ নাগাদ ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট এবং রোবলক্সের মতো প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার একটি বিল উপস্থাপনের প্রত্যাশা করা হচ্ছে।
ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব চশমা ব্যবহারকারীর চোখের সামনে যা থাকে তা ধারণ করতে পারে। ফলে আশপাশের মানুষ কখন তাঁদের ছবি বা ভিডিও ধারণ করা হচ্ছে, তা বুঝতে নাও পারেন। ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি বিবেচনায় পার্ক, সমুদ্রসৈকত ও স্কুলের মতো কিছু জনসমাগমস্থলে স্মার্ট চশমার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার।
অসলোমেট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ও গবেষক ক্রিস্টার হুগেনের মতে, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নরওয়ে একসময় বিদ্যুৎ আবিষ্কারের মতো বড় পরিবর্তনের সঙ্গে ডিজিটাল উন্নয়নকে তুলনা করেছিল। কিন্তু দ্রুত অগ্রসর হওয়ার সময় নিয়ন্ত্রণ ও বিধিবিধানের প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্ব পায়নি। তাঁর মতে, প্রযুক্তি ব্যবহারের ক্ষতি মোকাবিলায় শুধু সাময়িক নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। শিশুদের আসক্ত করে এমন ডিজিটাল নকশা, লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহের মতো গভীর সমস্যাও বিবেচনায় নিতে হবে।
নরওয়ের এই পরিবর্তন প্রযুক্তি থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নয়। বরং শিক্ষা ও শিশুদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার কতটা প্রয়োজনীয় এবং কোথায় সীমা থাকা উচিত, তা নির্ধারণের চেষ্টা। দেশটির নীতিনির্ধারকেরা মনে করছেন, ডিজিটাল সুবিধা কাজে লাগানোর পাশাপাশি শিশুদের পড়ার অভ্যাস, মনোযোগ, গোপনীয়তা এবং শেখার মৌলিক দক্ষতা রক্ষা করাও জরুরি।
সূত্র: এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।