দুই দিনের টানা ভারী বর্ষণে রাজশাহীর তানোরে কৃষকদের রক্তঘামে ফলানো রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ পাকা ধান পানিতে ডুবে থাকায় চরম হতাশায় পড়েছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০৩ হেক্টর জমির আমন ধান পানিতে ডুবেছে। এর মধ্যে ১৫৭ হেক্টর জমির ধান আংশিক এবং ৪৬ হেক্টর জমির ধান পুরোপুরি ডুবে গেছে।
গত শুক্রবার দিবাগত রাত এবং শনিবার রাত থেকে সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা পাকা ধানের জমিতে পানি জমে ফসলের ক্ষতি হয়েছে। কোথাও কোথাও একরের পর একর আমন ধান পানিতে তলিয়ে গেছে।
টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানির ঢলে গ্রামীণ রাস্তাঘাট, পুকুর ও খাল উপচে বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। তানোর উপজেলার চাঁন্দুড়িয়া, কামারগাঁ, পাঁচন্দর ও কলমা ইউনিয়ন এবং তানোর পৌর এলাকার বিভিন্ন জমির রোপা আমন ধান পানিতে ডুবে গেছে। এতে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন আমন খেত ঘুরে দেখা গেছে, সোনালি রঙে পেকে ওঠা মাঠের পর মাঠের ধান দুই দিনের ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে। তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হান্নান, তোফাজ্জল, বাদল ও হাসান আলী বলেন, দুই দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে তাঁদের মাঠের সব ধান মাটিতে লুটিয়ে পড়েছে। দ্রুত পানি নিষ্কাশন করা না হলে ধানের ব্যাপক ক্ষতি হবে।
তানোর পৌর এলাকার ধানতৈর গ্রামের কৃষক নিশান বলেন, আমন ধানের জমিতে যে পরিমাণ পানি জমেছে, তা দ্রুত নিষ্কাশন করা না গেলে ধানগাছে অঙ্কুরোদ্গম হতে পারে। এতে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়বেন। শুধু তা-ই নয়, উজান থেকে পানি নামছেই। যেদিকে চোখ যায়, সেদিকেই থইথই করছে পানি। প্রতিটি সেতুর মুখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, এ বছর রোপা আমন চাষের শুরু থেকেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসেও অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। এখনো মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে।
কৃষকেরা বলেন, শুক্রবার রাতে বৃষ্টি কিছুটা থামলেও শনিবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে রাতেও পরিস্থিতির অবনতি হতে পারে। এতে নিচু জমিগুলো পানিতে ডুবে যাবে এবং রোপা আমনের মারাত্মক ক্ষতি হবে। টানা বৃষ্টিতে সবজিখেতও ক্ষতির মুখে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কামারগাঁ ব্লকের কামারগাঁয় ৩০ হেক্টর, মাদারীপুরে ৮ হেক্টর, ছাঐড়ে ১৪ হেক্টর ও কৃষ্ণপুরে ৫ হেক্টর জমির ধান ডুবেছে। পাঁচন্দর ব্লকের মোহাম্মদপুরে ৭ হেক্টর ও চাঁদপুরে ১০ হেক্টর এবং চাঁন্দুড়িয়া ব্লকের চাঁন্দুড়িয়ায় ১৫ হেক্টর ও সিলিমপুরে ৫ হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে। এ ছাড়া তানোর পৌর এলাকায় ১১০ হেক্টর জমির ধান ডুবেছে। সব মিলিয়ে ২০৩ হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে ১৫৭ হেক্টর জমির ধান আংশিক এবং ৪৬ হেক্টর জমির ধান পুরোপুরি ডুবে গেছে। তবে কলমা ইউনিয়নের আজিজপুর, চন্দনকোঠা ও কুজিশহরসহ বিভিন্ন এলাকার ধান ডোবার কোনো তথ্য দিতে পারেনি কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলায় ২২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এর মধ্যে ৪৬ হেক্টর জমির ধান পুরোপুরি এবং ১৫৭ হেক্টর জমির ধান আংশিক ডুবে গেছে। বৃষ্টির পানি পুরোপুরি থেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যাবে। যেসব জমিতে পানি ঢুকেছে, সেখান থেকে তিন-চার দিনের মধ্যে পানি নেমে গেলে ধানের তেমন ক্ষতি হবে না। তবে এর বেশি সময় জমিতে পানি জমে থাকলে ধান উৎপাদন ব্যাহত হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।