দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটের তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে। দিঘির কোলঘেঁষে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে বসে এবারের আয়োজন। হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার), বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর।
দিঘির স্বচ্ছ জলরাশি, প্রাচীন স্থাপনার আবহ ও নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়েছিল অনুষ্ঠানের মঞ্চ। আয়োজন ঘিরে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো দর্শক।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে জয়পুরহাটের কৃতী সন্তান ও দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে থাকছে তাঁর শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি একটি সংকলিত গান। চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শিল্পীরা। পরিবেশনা শেষে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে তাঁরা স্থানীয় ভাষায় অভিনয় করেন জয়পুরহাটের অন্যতম ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি একটি নাট্যাংশে।
এবারের ‘ইত্যাদি’তে থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও মানবিক নানা প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি, দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রা, জেলার বর্ণাঢ্য ইতিহাস-ঐতিহ্য এবং দর্শনীয় স্থান নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ প্রতিবেদন।
এ ছাড়া জয়পুরহাটের বাক্প্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প তুলে ধরা হয়েছে একটি প্রতিবেদনে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন তাঁরা। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন। মাটির ক্যানভাসে ছাই দিয়ে তিনি ফুটিয়ে তোলেন নানা প্রতিকৃতি।
অনুষ্ঠানের শেষ দিকে থাকছে যশোরের কেশবপুর উপজেলার লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডের গল্প। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় নীরবে সহায়তা করে আসছেন।
এবারের পর্বে আরও থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি নাট্যাংশ। এর মধ্যে রয়েছে দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা ও পর্দা সমাচার।
এবারের পর্বে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুর্বনা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান ও বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।
অনুষ্ঠানটির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।