জেলার বিরল উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের রামপুর মোল্লাপাড়ায় এক একর জমিতে গড়ে তোলা একটি বাগানে থোকায় থোকায় ঝুলছে কমলা। বাগানটির মালিক তরুণ কৃষি উদ্যোক্তা শাকিল হোসেন সাদাত। বছরে প্রায় ২০০ মণ কমলা উৎপাদনের পাশাপাশি এসব ফল বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা আয় করছেন তিনি।
পাঁচ বছর আগে মাত্র ৫০ হাজার টাকা ব্যয়ে যশোর থেকে কমলার চারা সংগ্রহ করে বাগান তৈরির উদ্যোগ নেন সাদাত। এক বন্ধুর মাধ্যমে কমলা চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পৈতৃক সূত্রে পাওয়া প্রায় এক একর জমিতে শুরু করেন চায়না ও দার্জিলিং জাতের কমলার আবাদ। বাগান তৈরির এক বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে বাগানে রয়েছে প্রায় ২০০টি কমলাগাছ।
চলতি মৌসুমে বাগান থেকে প্রায় ২০০ মণ কমলা উৎপাদনের আশা করছেন সাদাত। বর্তমানে প্রতি কেজি কমলা ১৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি। বছরে বাগান থেকে প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রি হয়। সার, পরিচর্যা ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ হয় প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
কমলার পাশাপাশি একই জমিতে আড়াআড়ি পদ্ধতিতে লটকন চাষের উদ্যোগ নিয়েছেন সাদাত। এতে একই জমি থেকে একাধিক ধরনের ফল উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। বাগানের পরিচর্যা ও অন্যান্য কাজে নিয়মিত পাঁচজন শ্রমিক কাজ করেন।
বাগান দেখতে আসা মিতা আক্তার বলেন, দিনাজপুরের বিরলের মাটিতে এত সুন্দর কমলার বাগান হবে, তা আগে ভাবেননি। গাছভর্তি কমলা দেখে তাঁর ভালো লেগেছে। ধান ও লিচুর পাশাপাশি এ অঞ্চলে কমলা চাষেরও যে সম্ভাবনা রয়েছে, বাগানটি তার প্রমাণ।
রুমানা পারভীন বলেন, এত দিন তাঁর ধারণা ছিল কমলা শুধু পাহাড়ি এলাকায় ভালো হয়। কিন্তু দিনাজপুরে এমন ফলন দেখে তিনি নতুন করে আশাবাদী হয়েছেন।

স্থানীয় কৃষক আসিছ রহমান জানান, বাগানের গাছের বৃদ্ধি ও ফলন বেশ ভালো। কীভাবে পরিচর্যা করতে হয়, তা জানার চেষ্টা করছেন তিনি। ভবিষ্যতে নিজেও এ ধরনের বাগান করার পরিকল্পনা রয়েছে তাঁর।
সাদাত বলেন, বন্ধুর মাধ্যমে কমলা চাষে আগ্রহ তৈরি হওয়ার পর নিজেই বাগান করার সিদ্ধান্ত নেন। পাঁচ বছর আগে যশোর থেকে চারা এনে বাগানটি গড়ে তোলেন। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন ভালো ফলন পাচ্ছেন। বাগানে চায়না ও দার্জিলিং জাতের প্রায় ২০০টি কমলাগাছ রয়েছে। ফলন ভালো হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কমলা বিক্রি করতে পারছেন।
তিনি আরও বলেন, বাগানের সাফল্য দেখে এলাকার অন্যরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন এবং নতুন বাগান গড়ে তুলছেন। এ কাজে কৃষি অফিস থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, বাগানটি ড্রিপ সেচ পদ্ধতির একটি প্রদর্শনী প্লট। এখানে চায়না কমলা, দার্জিলিং কমলা ও লটকন—তিন ধরনের ফল চাষ করা হচ্ছে। শাকিল হোসেন সাদাত একই জমিতে পরিকল্পিতভাবে স্তরে স্তরে এসব ফলের আবাদ করেছেন। তাঁর উদ্যোগ বেশ সম্ভাবনাময় এবং এরই মধ্যে তিনি বাগান থেকে ভালো লাভ পাচ্ছেন।
কৃষি কর্মকর্তা আরও বলেন, সাদাতের সাফল্য দেখে এলাকার বেকার যুবকেরাও কৃষিতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা সম্ভব।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।