দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর মহাবিদ্যালয়ে এমপিওভুক্তির ২৬ বছর পর অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
মহাবিদ্যালয়ের সভাপতি কৃষিবিদ মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আলহাজ মো. অলিউদ্দিন চৌধুরী, শংকরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষকেরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর-৩ আসনকে শক্তিশালী ও উন্নত করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শিগগিরই শংকরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কার্যক্রম শুরু হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে এলাকাবাসীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
মহাবিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর দীর্ঘ ২৬ বছরেও উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি। অতীতে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের সময়ে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় তাঁরা আক্ষেপ প্রকাশ করেন। তাঁদের মতে, নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ। ভবিষ্যতেও মহাবিদ্যালয়ের উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, আতিকুর রহমান নিউ, জাহাঙ্গীর আলম, আফসানা পারভিন, শামীমা সুলতানা ও মনিরুজ্জামানসহ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।