ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা মিছিল নিয়ে বাইপাস এলাকায় এসে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
এ ঘটনার পর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী, বৈরাগীরচালা ও কেওয়া এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।