জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আউশগাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন দুই শতাধিক রোগী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আউশগাড়া স্কুল মাঠে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
পাঁচবিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমীনের উদ্যোগে এবং আউশগাড়া উন্নয়ন সংস্থার (আউশ) সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে রংপুর চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশ নিয়ে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
চিকিৎসক দলের সদস্য ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সনজিতা রানী এবং সিনিয়র অপটোমেট্রিস্ট সুব্রত বর্মন।
চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আউশগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন ও নির্বাহী পরিচালক শফিকুল আলম। সকাল থেকেই শিবিরে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীদের ভিড় দেখা যায়।
আয়োজকেরা জানান, গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা তেঘর গ্রামের আলেয়া বিবি বলেন, দীর্ঘদিন ধরে চোখে ঝাপসা দেখলেও টাকার অভাবে চিকিৎসকের কাছে যেতে পারেননি। বাড়ির কাছেই বিনা মূল্যে চিকিৎসা নিতে পেরে তিনি উপকৃত হয়েছেন।
পালি গ্রামের আশরাফ আলীও বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়া সহজ হবে।
পাঁচবিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমীন বলেন, গ্রামের অসহায় মানুষকে সহজে উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ করে দিতেই এ শিবিরের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।