রংপুর বিভাগ

পঞ্চগড়ের ১৩৬ কিলোমিটার সীমান্তে দিন-রাত টহল দিচ্ছে বিজিবি

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যানবাহন ব্যবহার করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত নিয়মিত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে স্থানীয় জনগণকে নিয়ে সভার আয়োজন করা হচ্ছে। ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্ত পরিস্থিতিও।

এসব উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করার চেষ্টা চলছে। একই সঙ্গে এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম সহজ ও কার্যকর করতে অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে দুর্গম এলাকাতেও নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় ১৮ বিজিবি সব সময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...