রংপুর নগরীর দর্শনা এলাকার তৌহিদ হাউজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন। আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
ইজতেমায় অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তিন দিন ধরে ধর্মীয় আলোচনা, ইসলামী বয়ান, নামাজ, জিকির ও আত্মশুদ্ধির বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শেষ দিনে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি, মানবতার মুক্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের আগমন শুরু হয়। সন্ধ্যার মধ্যে তাঁরা মাঠে পৌঁছে নিজ নিজ খিত্তায় অবস্থান নেন। দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশ-বিদেশের তাবলিগের মুরব্বিরা এ আয়োজনে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার ইজতেমা মাঠে বড় পরিসরে জুমার নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লির সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকেরা।
আয়োজক সূত্রে জানা গেছে, গত বছর রংপুরে বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এবার আয়োজন করা হয়েছে জেলা ইজতেমা। আয়োজকদের দাবি, সুশৃঙ্খলভাবে ইজতেমার কার্যক্রম চলছে।
এদিকে ইজতেমাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ। সভায় ধর্মীয় আলোচনা ও কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা এবং দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তা, যাতায়াত ও সেবার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
নিরাপত্তার অংশ হিসেবে ইজতেমা মাঠে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি, বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিকল্প হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা এবং প্রবেশপথে মুসল্লিদের ব্যাগ ও মালামাল তল্লাশির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ইজতেমার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দায়িত্বশীলতা এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আয়োজক কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় রংপুর জেলা ইজতেমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।