জয়পুরহাটের কালাইয়ে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর যাত্রী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৬০) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৬০)। আহত সোহরাব আলী (৫৫) একই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাজ শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন এনামুল হক। তাঁর ইজিবাইকে যাত্রী ছিলেন নুরনবী ও সোহরাব আলী। তাঁরা কালাই থেকে নিজ গ্রাম আফলাপাড়ার দিকে যাচ্ছিলেন।
পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও দুই যাত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। ইজিবাইকচালক এনামুলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হন অপর যাত্রী সোহরাব আলী।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে এনামুল হকের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকচালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে কালাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নুরনবীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছিলেন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে ইজিবাইকচালক এনামুল হক সেখানে মারা গেছেন বলে জানতে পেরেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে রয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রথম নিহত নুরনবীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।