রংপুর বিভাগ

শিক্ষক হওয়ার স্বপ্ন অধরা, বিরল রোগে অসহায় লালমনিরহাটের সবিতা বাঁচতে চান

‘স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে শিক্ষকতা করব। বিয়ে করে সংসার করার স্বপ্নও তো প্রতিটি মেয়ের থাকে, আমারও ছিল। কিন্তু আমার কিছুই হলো না, সব শেষ।’ কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েন ৩৫ বছর বয়সী সবিতা রানী রায়। কিছুটা সামলে নিয়ে তিনি বলেন, ‘এখন আমার অবস্থা এমন যে চলাফেরা করাও মুশকিল হয়ে পড়েছে। মনে হয়, আমি পরিবারের কাছে একটা বড় বোঝা। সৃষ্টিকর্তা আমাকে নিয়ে গেলে হয়তো শান্তি পেতাম।’

একসময় প্রাণচঞ্চল এই নারীর দিন কাটত হাসি-আনন্দে। এখন শারীরিক যন্ত্রণা আর অসহায়ত্বই তাঁর নিত্যসঙ্গী। নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে সবিতা জানান, এখন তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা স্বাভাবিকভাবে বসাও কঠিন। লাঠি ও বাবা-ভাইয়ের সহায়তায় তাঁকে বাথরুমে যেতে হয়। পিঠ ও মাথার নিচে উঁচু বালিশ দিয়ে শুতে হয়। এমনকি কাত হয়েও ঘুমাতে পারেন না।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের বাসিন্দা সবিতা। তাঁর বাবা অনন্ত কুমার রায়ের বয়স ৬৬ বছর। অনার্সে পড়ার সময় ‘প্রাইমারি লিম্ফিডিমা’ (Primary Lymphedema) নামের বিরল রোগে আক্রান্ত হন সবিতা। সময়ের সঙ্গে রোগের প্রকোপ বেড়েছে। ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা।

রোগের কারণে তাঁর দুই পা অস্বাভাবিকভাবে ফুলে গেছে। পায়ের আঙুল থেকে উরু পর্যন্ত কয়েক ভাঁজে মাংস ঝুলে পড়েছে। পা দুটির ওজন এতটাই বেড়েছে যে নড়াচড়া করতেও কষ্ট হয় তাঁর।

দেখতে ফাইলেরিয়া বা ‘গোদ’ রোগের মতো মনে হলেও চিকিৎসকদের মতে, এটি প্রাইমারি লিম্ফিডিমা। জন্মগত ত্রুটির কারণে মানুষের হাত বা পায়ে এ রোগ দেখা দিতে পারে। তবে জন্মগত সমস্যা থেকে সৃষ্টি হলেও রোগের লক্ষণ সব সময় জন্মের সময় প্রকাশ পায় না। কারও শৈশবে, কারও কৈশোরে, আবার কারও প্রাপ্তবয়স্ক অবস্থায়ও এর লক্ষণ দেখা দিতে পারে।

বিরল রোগবিষয়ক আন্তর্জাতিক তথ্য ও গবেষণাভান্ডার অরফানেটের (Orphanet) ডাটাবেইসে প্রাইমারি লিম্ফিডিমা রোগের তথ্য রয়েছে। সেখানে রোগটির কোড ORPHA:77240 উল্লেখ করা হয়েছে। ডাটাবেইসের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে ১ থেকে ৫ জন এ রোগে আক্রান্ত হন। তবে বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা বা প্রাদুর্ভাব সম্পর্কে সেখানে কোনো তথ্য নেই।

সবিতার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের দিকে মাঝেমধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি পায়ে ব্যথা অনুভব করতেন তিনি। একপর্যায়ে ধীরে ধীরে তাঁর বাম পা ফুলতে শুরু করে। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে প্রথম দিকে ব্যথা কিছুটা কমত। কিন্তু পরবর্তী সময়ে পায়ের ফোলা বাড়তে থাকে। প্রথমে বাম পা আক্রান্ত হলেও পরে ডান পায়েও একই সমস্যা দেখা দেয়। শুরুতে ফোলা স্বাভাবিক পর্যায়ে থাকলেও সময়ের সঙ্গে তা অস্বাভাবিক আকার ধারণ করে।

২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি পাস করেন সবিতা। এরপর স্থানীয় একটি কলেজে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্সে ভর্তি হন। তবে অসুস্থতাসহ নানা কারণে তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষা দেওয়া হয়নি তাঁর।

এদিকে ভালোবেসে গোপনে বিয়ে করলেও শেষ পর্যন্ত সংসার টেকেনি সবিতার। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন বিয়েটি মেনে নিতে রাজি ছিলেন না। একপর্যায়ে স্বামীও তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ নিয়ে দুটি মামলা বিচারাধীন রয়েছে। ফলে শিক্ষকতা করার স্বপ্ন যেমন পূরণ হয়নি, তেমনি ভেঙে গেছে সংসার করার আশাও। এর মধ্যে যুক্ত হয়েছে বিরল রোগের দীর্ঘ যন্ত্রণা।

অসুস্থ হওয়ার পর প্রথমে স্থানীয় চিকিৎসকদের কাছে যান সবিতা। পরে রংপুর মেডিক্যাল কলেজের একাধিক চিকিৎসকের পরামর্শ নেন। রোগটিকে ‘গোদ’ ভেবে নীলফামারীর সৈয়দপুরে একটি ফাইলেরিয়া হাসপাতালেও চিকিৎসা করান। তাতেও সুফল না পেয়ে সাভারের একটি বেসরকারি ফাইলেরিয়া হাসপাতালে যান। ২০২২ সালে ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে প্লাস্টিক সার্জারির পরামর্শ দেন। এ জন্য ভারতের ভেলোরে যাওয়ার কথা বলা হলেও অর্থের অভাবে তা আর সম্ভব হয়নি।

সর্বশেষ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাহীন শাহের পরামর্শে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান সবিতা। সেখানে প্রথম দফায় তাঁর এক পায়ে অস্ত্রোপচার করা হয়। সবিতা জানান, চিকিৎসকেরা তাঁকে অন্তত আটবার অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে পরবর্তী অস্ত্রোপচারগুলো করানো সম্ভব হয়নি।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবিতা দ্বিতীয়। তাঁর বড় ভাই গার্মেন্টসকর্মী। স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীতে থাকেন তিনি। বর্তমানে বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন সবিতা। মেয়ের চিকিৎসা ও মামলা পরিচালনার খরচ জোগাতে গিয়ে বেশ কিছু জমি বিক্রি করতে হয়েছে তাঁর বাবা অনন্ত কুমার রায়কে। এখন অর্থের অভাবে থমকে আছে সবিতার চিকিৎসা।

অনন্ত কুমার রায় বলেন, ‘ভেবেছিলাম মেয়েটা উচ্চশিক্ষিত হয়ে একটা ভালো চাকরি করবে, বিয়ে দেব। কিন্তু পড়ালেখার পর নিজে নিজেই বিয়ে করেছে। পরবর্তী সময়ে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আর তা মেনে নেয়নি। ফলে আদালতের আশ্রয় নিয়ে দীর্ঘদিন মামলা চালিয়েছে। এর মধ্যে এই রোগের কারণে অনেক চিকিৎসা করিয়েছি। মামলা ও চিকিৎসার খরচ জোগাতে কিছু জমিও বিক্রি করতে হয়েছে। এখন না পারি ঠিকভাবে সংসার চালাতে, না পারি মেয়ের চিকিৎসা করাতে।’

সবিতার মা সুমিত্রা রানী রায় (৫৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়েটা যখন ভালো ছিল, তখন সারাদিন হেসেখেলে বেড়াত। এখন না পারে ঘুমাতে, না পারে চলাফেরা করতে, এমনকি ঘর থেকে বের হতেও পারে না। এখন খুব চিন্তা হয়, আমরা স্বামী-স্ত্রী মারা গেলে মেয়েটার কী হবে!’

দেশবাসীর কাছে সহযোগিতা চেয়ে সবিতা বলেন, ‘আমার কারণে আমার বাবার প্রায় সব শেষ। বর্তমানে আর চিকিৎসা করানোর সামর্থ্য নেই। গত এক বছরেরও কিছু বেশি সময় ধরে প্রতিমাসে বসুন্ধরা শুভসংঘের দেওয়া চিকিৎসা ভাতার টাকায় ওষুধ খাচ্ছি। এখন সবাই যদি আমার পাশে দাঁড়ায়, সাহায্য করে, তাহলে হয়তো চিকিৎসা করে বেঁচে থাকতে পারব।’

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাহীন শাহ জানিয়েছেন, সবিতা প্রাইমারি লিম্ফিডিমায় আক্রান্ত। তাঁর ভাষ্য, জন্মগত ত্রুটির কারণে সবিতা এ রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রোগটি সর্বোচ্চ বা গ্রেড-৪ পর্যায়ে পৌঁছেছে। ফলে তাঁর দুই পায়ের বর্তমান অবস্থা পুরোপুরি নিরাময় করা হয়তো সম্ভব হবে না। তবে তাঁকে চলাফেরার উপযোগী করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে কয়েক দফা অস্ত্রোপচার প্রয়োজন।

এ জন্য সবিতাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। তবে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না সবিতা ও তাঁর পরিবার।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...