রংপুর বিভাগ

কুড়িগ্রামের রৌমারীতে বর্ষা শেষেও থামছে না ব্রহ্মপুত্রের ভাঙন, আতঙ্কে বাসিন্দারা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতি গ্রামে অসময়েও থামছে না ব্রহ্মপুত্র নদের ভাঙন। নদীর তীব্র স্রোতে একের পর এক ফসলি জমি ও বসতভিটা বিলীন হচ্ছে। গত দেড় বছরে গ্রামের চার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কেউ সড়কের পাশে, আবার কেউ বাঁধের ঢালে গড়ে তুলেছেন অস্থায়ী বসতি। এতে পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয়দের ভাষ্য, কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামটি গড়ে উঠেছে প্রায় ৭০ বছর আগে। দুর্গম এই এলাকায় যাতায়াতসহ নানা ভোগান্তি থাকলেও জমিতে পলি পড়ে ধীরে ধীরে ভালো ফসল ফলতে শুরু করে। কিন্তু গত দেড় বছর ধরে অব্যাহত নদীভাঙনে গ্রামটি অস্তিত্বসংকটে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে সরেজমিনে সুখেরবাতি গ্রামে গিয়ে দেখা যায়, নদীভাঙনের ঝুঁকিতে থাকা ঘরবাড়ি ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন কয়েকজন বাসিন্দা। কেউ কেউ জমি থেকে আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। শেষ সম্বলটুকু রক্ষায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে চার শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া প্রায় দুই হাজার একর ফসলি জমি ও কয়েকটি বাগান নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কেউ কেউ অন্য গ্রামে চলে গেছেন। আবার অনেকে এখনো ভাঙনের ঝুঁকি নিয়ে এলাকায় পড়ে আছেন। কারও আশ্রয় হয়েছে সড়কের পাশে, কারও ঠাঁই হয়েছে বাঁধের ঢালে। বর্ষা মৌসুম শেষ হলেও নদীভাঙন না থামায় নতুন করে ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর আশঙ্কায় দিন কাটছে তাঁদের।

এলাকাবাসীর অভিযোগ, এত ব্যাপক ভাঙন ও সম্পদহানির পরও তা ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েক বছরে অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলা হলেও তাতে ভাঙন রোধ করা সম্ভব হয়নি।

সুখেরবাতি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘জাগা জমিন নাই, কই যামু? নদীপারে পইর‌্যা রইছি। ঘর ভাঙলেও কিছু করার নাই।’

একই গ্রামের হাফিজুল ইসলামও ভাঙনের ঝুঁকি নিয়ে নদীর পাড়ে ঘর সরিয়ে অস্থায়ী বসতি গড়েছেন। বাসিন্দা নজরুল ইসলাম ও আফসার আলী বলেন, ঘরবাড়ি সরিয়ে নিয়েও তাঁরা স্বস্তিতে নেই। যেটুকু আবাদি জমি ছিল, তাও নদীগর্ভে চলে যাচ্ছে। ভাঙনের তীব্রতার কারণে কাঁচা ও আধাপাকা ধান কেটে নিতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আনছার আলী তুহিন বলেন, চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি ছাড়াও ঘুঘুমারি, সোনাপুর ও নামাজের চর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন চলছে। ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না থাকায় গ্রামবাসীর কিছুই করার নেই।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, গত দেড় বছরে সুখেরবাতি গ্রামের ৪০০ পরিবার গৃহহীন হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, শুকনো মৌসুমে ভাঙনরোধে জরুরি কাজের জন্য কোনো বরাদ্দ নেই। তবে সুখেরবাতি গ্রামসহ রৌমারী উপজেলায় প্রায় ৬১০ কোটি টাকা ব্যয়ে ১৬ দশমিক ৩০৫ কিলোমিটার স্থায়ী তীর রক্ষার একটি প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেলে কাজ শুরু করা সম্ভব হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...