রংপুর বিভাগ

পঞ্চগড়ে ফুটপাত নির্মাণকাজ বন্ধের নির্দেশ

পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ। একই সঙ্গে নিম্নমানের টাইলস বসানো অংশ তুলে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন ফুটপাতের কাজ পরিদর্শনে যান জেলা পরিষদ প্রশাসক। এ সময় পার্কিং টাইলসসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিম্নমানের বলে প্রমাণ পাওয়ায় তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে কাজের নির্ধারিত প্রাক্কলন (সিডিউল) অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পরই আবার কাজ শুরু হবে। নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

জেলা পরিষদ জানায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণের পাশাপাশি দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দৈর্ঘ্যের ড্রেন নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

বর্তমানে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছে। বিদ্যুতের খুঁটি অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোসহ এ কাজের জন্য প্রায় ৪২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সড়কের এক পাশে ৫ ফুট এবং অন্য পাশে ৩ ফুট চওড়া করে মোট ৩৯৬ মিটার ফুটপাত নির্মাণ করা হচ্ছে। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা।

পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ‘এই টাইলস মানুষের হাঁটাচলার উপযোগী নয়। এ ছাড়া অন্য উপকরণও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালি দেওয়া হচ্ছে। আমরা চাই, কাজটি সঠিকভাবে সম্পন্ন হোক।’

জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয়রা দীর্ঘদিন ধরে কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। টাইলসগুলো নিম্নমানের এবং সেগুলোর পুরুত্বও কম। এ কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সিডিউল অনুযায়ী মানসম্মত সামগ্রী নিশ্চিত করার পর আবার কাজ শুরু হবে।

তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন কাজটির ঠিকাদার প্রমিল সাহা। তিনি বলেন, ‘আমি জানি না তারা কীভাবে এটাকে নিম্নমানের বলছেন। টাইলস তো আমি তৈরি করি না, কিনে এনেছি। আগে অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, এরপর বিস্তারিত বলতে পারব।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...