রংপুর বিভাগ

রংপুর বিভাগে ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান

বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। অন্যদিকে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান জানিয়েছেন, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মধ্যে মোট ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। তাঁদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের আটজন, গাইবান্ধার আটজন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাটের একজন করে সাংবাদিক রয়েছেন। অনুদানপ্রাপ্তদের মধ্যে প্রয়াত চার সাংবাদিকের পরিবারের সদস্যরাও রয়েছেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিষ্টফার হিমেল রিছিল।

এ ছাড়া বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজাসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক সাংবাদিককে অনুদানের আওতায় আনা সম্ভব হবে। বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের অনুদান দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্ভুলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শহর ও গ্রামের প্রয়াত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, গণমাধ্যম সমাজ, প্রশাসন ও রাষ্ট্রকে জবাবদিহির আওতায় রাখতে সহযোগিতা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ দায়িত্ব পালন করতে হবে।

তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর দাবিও জানান। পাশাপাশি রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...