পাবনার চাটমোহরে সার বিক্রির সময় কৃষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক সার ডিলারের গোডাউন ভাঙচুর করে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তেজিত লোকজনের বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বাজারে রহমত, হবু ও নিরু ঘোষ নামের তিন ডিলার সার বিতরণ করছিলেন। তাঁদের দোকান পাশাপাশি হওয়ায় কৃষকেরা এলোমেলোভাবে সারিবদ্ধ হয়ে সার সংগ্রহের অপেক্ষায় ছিলেন। পরে তাঁদের ওয়ার্ডভিত্তিক সারিতে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে হট্টগোল শুরু হয়।
একপর্যায়ে রহমত ও হবু নামের দুই ডিলার সার বিতরণ বন্ধ করে দোকান বন্ধ করে চলে যান। এতে নিরু ঘোষের দোকানে কৃষকদের চাপ বেড়ে যায়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে একদল লোক নিরু ঘোষের গোডাউনে ভাঙচুর চালায়। এ সময় সেখান থেকে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সার ফেরত নেওয়ার চেষ্টা চলছে। ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।