বগুড়ার ধুনটে কৃষিকাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন খাল থেকে আমজাদ হোসেন (৬৯) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আমজাদ হোসেন উপজেলার মানিকপোটল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেন পেশায় দিনমজুর ছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে একই গ্রামের আবু বক্কারের জমিতে কৃষিকাজ করতে যান। দিনভর কাজ শেষে সন্ধ্যার দিকে জমির পাশের খালে হাত-মুখ পরিষ্কার করতে নামেন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি।
সোমবার সকাল ৯টার দিকে জোড়খালী খালের পাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকেরা পানিতে আমজাদ হোসেনের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা খাল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আমজাদ হোসেনের স্ত্রী দিলেরা খাতুন জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খালের পানিতে হাত-মুখ পরিষ্কার করতে নেমে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় তাঁর বা পরিবারের কারও কোনো অভিযোগ নেই বলেও জানান দিলেরা খাতুন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।