দিনাজপুর প্রতিবেদকঃ যে আঙুর কিনতে একসময় বাজারের ওপর নির্ভর করতে হতো, সেই আঙুর এখন ফলছে দিনাজপুরের মাটিতে। তাও আবার এক-দুই জাত নয়, একই বাগানে চাষ হচ্ছে ১৫ জাতের আঙুর। শখের বশে শুরু করা এই উদ্যোগ এখন সম্ভাবনাময় কৃষি উদ্যোগে রূপ নিয়েছে। মাত্র ১০ শতক জমিতে আঙুরের বাগান গড়ে তুলে এলাকায় সাড়া ফেলেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামের কলেজশিক্ষার্থী তাওহীদুল ইসলাম তহিদ।
তাঁর বাগানে রয়েছে লাল, কালো ও সবুজ রঙের বিভিন্ন জাতের আঙুর। ২০২৪ সালে কয়েকটি আঙুরের চারা রোপণের মধ্য দিয়ে এই উদ্যোগের শুরু। প্রথমবার গাছে ফল এলেও আঙুর মিষ্টি না হওয়ায় হতাশ হয়েছিলেন তহিদ। তবে হাল ছাড়েননি। ভালো জাতের চারা সংগ্রহ এবং ফলের মিষ্টতা বাড়ানোর কৌশল জানতে শুরু করেন নানা পরীক্ষা-নিরীক্ষা। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে আঙুরের বাগান পরিদর্শন করেন এবং সংগ্রহ করেন চাষাবাদের অভিজ্ঞতা।
সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৬ সালে নতুন পরিকল্পনায় গড়ে তোলেন নিজের আঙুরবাগান। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন ১৫ জাতের ৮৫টি চারা। বর্তমানে তাঁর বাগানে রয়েছে বাইকুনর, একেলো, গ্রিন লং, ক্রিপ্টো, কিলার, ভেলেজ, জরিনা, রাসুনিয়া, জয় সিডলেস, স্পিস, রেবেকা, ব্ল্যাক ম্যাজিক, টিকটক ও মার্সেল ফোর্সসহ বিভিন্ন জাতের আঙুর।
বাগানে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটি ও রশি দিয়ে তৈরি উঁচু মাচায় বেড়ে উঠেছে আঙুরগাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে লাল, কালো ও সবুজ আঙুরের থোকা। নিয়মিত পরিচর্যার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সার ব্যবস্থাপনাও করছেন তহিদ। এবার বেশ কিছু গাছে ফল এসেছে। তাঁর ব্যতিক্রমী বাগান দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ।
বাগান দেখতে আসা মাহমুদপুর মডেল স্কুলের শিক্ষক আব্দুল কাদের বলেন, তাঁদের এলাকায় এই প্রথম আঙুর চাষ হয়েছে। তাই বাগানটি দেখতে এসেছেন। বাগান দেখে তাঁর খুব ভালো লেগেছে। আঙুর খেয়েও দেখেছেন, যা বেশ মিষ্টি ও সুস্বাদু। তাঁর মতো অনেকেই বাগান দেখতে আসছেন। নিজের জমিতেও আঙুর চাষের কথা ভাবছেন তিনি।
তাওহীদুল ইসলাম তহিদ বলেন, ছোটবেলা থেকেই আঙুরের প্রতি তাঁর আগ্রহ ছিল। স্বপ্ন ছিল, সবাই যা করেন, তার বাইরে গিয়ে নতুন কিছু করার। সেই ইচ্ছাশক্তি ও কৃষির প্রতি ভালোবাসা থেকেই আঙুর চাষ শুরু করেন তিনি। মাত্র ৩০ হাজার টাকা খরচ করে ১০ শতক জমিতে ১৫ জাতের ৮৫টি আঙুরের চারা রোপণ করেছেন। শুরুতে অনেক ভয় কাজ করলেও বাগানে ফল আসার পর সেই ভয় কেটে গেছে। প্রথমবারের মতো বাগান থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় উপজেলায় প্রথমবারের মতো আঙুর চাষ শুরু হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।