দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় সংঘাত এড়াতে আচরণবিধি প্রণয়নের বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন কূটনীতিক। তবে চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে একমত হলেও চলতি বছরের মধ্যে আলোচনা শেষ করা সম্ভব হচ্ছে না।
বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে এ চুক্তি নিয়ে আলোচনা চলছে। বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা ও সংঘর্ষ যেন বড় ধরনের সামরিক সংঘাতে রূপ না নেয়, সে লক্ষ্যেই আচরণবিধি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।
আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত তিনজন জ্যেষ্ঠ দক্ষিণ-পূর্ব এশীয় কূটনীতিক এপিকে জানিয়েছেন, গত মাসে চলতি বছরের সর্বশেষ আলোচনা শেষ হওয়ার পর চুক্তির প্রায় ৮০ শতাংশ অনুচ্ছেদের বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। তবে তাঁরা প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করতে চাননি।
চুক্তির বাকি অংশে তিনটি বড় বিষয় এখনো অমীমাংসিত। প্রথমত, আচরণবিধি কোন কোন জলসীমায় কার্যকর হবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। দ্বিতীয়ত, চুক্তিতে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল শব্দের সংজ্ঞা নিয়ে একমত হতে পারেনি পক্ষগুলো। তৃতীয়ত, চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।
দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। এ জলসীমা দিয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক পণ্য পরিবহন করা হয়। তাই এখানে সংঘাত ছড়িয়ে পড়লে এশিয়ার অর্থনীতি ছাড়াও বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চীন ও আসিয়ানের মধ্যে ২০০৫ সালের দিকে আচরণবিধি নিয়ে আলোচনা শুরু হয়। তবে বিরোধপূর্ণ জলসীমায় বিভিন্ন সময়ে উত্তেজনা ও সংঘর্ষের কারণে আলোচনা বারবার বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে উভয় পক্ষ চলতি বছরের মধ্যে আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছিল।
চলতি বছর আসিয়ানের নেতৃত্বে থাকা ফিলিপাইন আলোচনার গতি বাড়াতে প্রতি মাসে অন্তত একটি বৈঠকের উদ্যোগ নেয়। চীন ও মালয়েশিয়াও আলোচনার বিভিন্ন পর্যায়ে যৌথভাবে নেতৃত্ব দিয়েছে। কূটনীতিকদের তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ১০টি গুরুত্বপূর্ণ দফার আলোচনা হয়েছে।
দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি দ্বীপ ও জলসীমা নিয়ে চীনের সঙ্গে ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিরোধ রয়েছে। তাইওয়ানও এ অঞ্চলের কিছু ভূখণ্ডের দাবি করে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে চীন ও ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে।
ম্যানিলাভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক হুলিও আমাদর তৃতীয় বলেছেন, প্রস্তাবিত আচরণবিধি একাই বিরোধপূর্ণ জলসীমায় আগ্রাসন ঠেকাতে পারবে না। তবে কূটনৈতিক তৎপরতা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সঙ্গে এ চুক্তি কার্যকর হলে সংঘাতের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।
আগামী বছর আসিয়ানের নেতৃত্ব সিঙ্গাপুরের হাতে যাবে। ফলে চুক্তি নিয়ে আলোচনা পরবর্তী বছরেও চলবে। চলতি সপ্তাহান্তে ম্যানিলায় আসিয়ান নেতাদের বার্ষিক সম্মেলনেও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।
সূত্র: এপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।