পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।
খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। ওই সময় তার মা-বাবা ও ভাই বাড়িতে ছিলেন না।
অভিযোগ অনুযায়ী, আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটিকে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি টের পেয়ে এক প্রতিবেশী নারী এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঘটনার পর বুধবার রাতেই শিশুটির পরিবারের সদস্যরা থানায় মামলা করেন। একই সঙ্গে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।