নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম আরিফ (৪৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১১ বছর বয়সী মেয়ে সুপ্তি আক্তার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের উপকণ্ঠে ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সার ব্যবসায়ী আরিফুল ইসলাম মেয়েকে স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওয়াপদা মোড় অতিক্রম করার সময় রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি দ্রুতগতির বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং তাঁর মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, দ্রুতগতির বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে রেলক্রসিংয়ের কাছে ফেলে যায়।
আহত সুপ্তি সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষিকা।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ওয়াপদা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেন। তাঁদের হস্তক্ষেপে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।