আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বই ছাপানোর কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করার লক্ষ্য থাকায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে বইয়ের মান নিয়ে এবারও উদ্বেগ দেখা দিয়েছে। নির্ধারিত মানের চেয়ে কম জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে কয়েকটি মুদ্রণপ্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ এবং প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ বই ছাপানো শেষ হয়েছে। ইবতেদায়ি স্তরের প্রায় ৯৫ শতাংশ এবং মাধ্যমিক স্তরের প্রায় ৭৭ শতাংশ বই ছাপানোর কাজও সম্পন্ন হয়েছে।
বইয়ের মান যাচাইয়ে অনিয়মের অভিযোগে এরই মধ্যে প্রায় ৯ লাখ ফর্মা বাতিল করা হয়েছে। পাশাপাশি ছাপানো সম্পূর্ণ ১২ হাজার বই কেটে ফেলা হয়েছে। অন্তত ২৫টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছাপার কাজ সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি সূত্র।
আগামী শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি বিনা মূল্যের পাঠ্যবই ছাপানো হবে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের বই প্রায় ৮ কোটি ২০ লাখ। এসব বই ছাপাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি নভেম্বর মাসের মধ্যেই পাঠ্যবই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনসিটিবির হিসাব অনুযায়ী, গত বুধবার পর্যন্ত প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ বই ছাপানোর পাশাপাশি প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ বই ছাপানো হয়েছে এবং প্রায় ৯৮ শতাংশ বইয়ের পিডিআই সম্পন্ন হয়েছে। ইবতেদায়ি স্তরে বই ছাপানো হয়েছে প্রায় ৯৫ শতাংশ, পিডিআই হয়েছে ৯০ শতাংশের বেশি বইয়ের। মাধ্যমিক স্তরে ছাপানোর অগ্রগতি প্রায় ৭৭ শতাংশ এবং পিডিআই সম্পন্ন হয়েছে ৭১ শতাংশের বেশি বইয়ের।
তবে নতুন চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি। বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।
নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে নতুন চারটি বই পাঠ্যক্রমে যুক্ত হওয়ায় ছাপাখানাগুলোতে সময়মতো পাণ্ডুলিপি সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে বইগুলোর ছাপার কাজ শুরু করা যায়নি। তবে এ-সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে ছাপানো শুরু হবে এবং শিক্ষার্থীরা যথাসময়ে বই পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক বছর পর এবারই শিক্ষার্থীরা আগেভাগে নতুন বই পেতে যাচ্ছে। ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে নতুন পাঠ্যবই দিয়ে আসছে সরকার। প্রতিবছর জানুয়ারির প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকলেও বিভিন্ন সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে টানা দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে পাঠ্যবই বিতরণ করা যায়নি। চলতি শিক্ষাবর্ষে বছর শুরুর এক মাস সাত দিন পর, গত ৭ ফেব্রুয়ারি শতভাগ বই সরবরাহ সম্পন্ন করে এনসিটিবি। এর আগের শিক্ষাবর্ষে সব বই সরবরাহ করতে প্রায় তিন মাস সময় লেগেছিল। ওই বছর পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছিল।
এবার বই ছাপানোর অগ্রগতি সন্তোষজনক হলেও কাগজ, কালি ও বাঁধাইয়ের মান নিয়ে অভিযোগ উঠেছে। দরপত্রের শর্ত অনুযায়ী, প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে ৮০ জিএসএম এবং মাধ্যমিক স্তরের বইয়ে ৭০ জিএসএমের কাগজ ব্যবহারের কথা। কিন্তু কিছু ছাপাখানায় এর চেয়ে কম জিএসএমের কাগজ ব্যবহার করে বই ছাপানোর অভিযোগ পাওয়া গেছে।
এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, কিছু প্রতিষ্ঠানের বইয়ে ব্যবহৃত কাগজের উজ্জ্বলতা ও স্থায়িত্ব নির্ধারিত মানের চেয়ে কম। নির্ধারিত ব্র্যান্ডের পরিবর্তে নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কালির নমুনা পরীক্ষা করে নকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। বইয়ের বাঁধাইয়েও ত্রুটি শনাক্ত হয়েছে। এসব সমস্যা থাকা সত্ত্বেও বেশ কিছু বইকে ছাড়পত্র দিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সার্বিক বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের গতকাল আজকের পত্রিকাকে বলেন, আগামী সপ্তাহ থেকে নতুন চারটি বইয়ের ছাপার কাজ শুরু হবে। এবার যথাসময়েই শিক্ষার্থীরা বিনা মূল্যের পাঠ্যবই হাতে পাবে। পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণেও এনসিটিবি কঠোর অবস্থানে রয়েছে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।