রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া রোববার শুরু হচ্ছে; যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
পূর্বঘোষিত ১২ নভেম্বরের পরিবর্তে ১৫ নভেম্বর থেকে এ আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর আবেদনের জন্য আলাদাভাবে ৫ থেকে ৭ দিন অতিরিক্ত সময় দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে গত বুধবার ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় আবেদন ও পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলীম।
নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩ দশমিক শূন্য এবং মোট জিপিএ-৬ দশমিক ৫০ থাকতে হবে।
অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫০ এবং মোট জিপিএ-৭ দশমিক ৫০ থাকতে হবে।
আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে উপউপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘এবারের পরীক্ষার ফল খারাপ হওয়ায় আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে।’
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগের বিষয়ে তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আলাদাভাবে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে। মূল আবেদন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে, তবে এই শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।