দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুর জেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শিগগিরই আয়োজন করা হবে ‘ঐতিহ্য উৎসব’। সপ্তাহব্যাপী এ আয়োজনে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড, খাদ্য ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, ফলমূল, খেলাধুলাসহ বিভিন্ন বিষয় স্থান পাবে।
উৎসব আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে দৈনিক উত্তর বাংলা কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক উত্তর বাংলার সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রত্নতত্ত্ববিদ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক শাহনাজ হুসনে জাহান লীনা।
সভায় শাহনাজ হুসনে জাহান লীনা বলেন, দিনাজপুর জেলার অনেক ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য উৎসবের মাধ্যমে সেগুলো সবার সামনে তুলে ধরা সম্ভব হবে। সমাজের সর্বস্তরের মানুষ, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত সহযোগিতায় উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, এক সপ্তাহব্যাপী ঐতিহ্যমেলার আয়োজন করা হবে। এ ক্ষেত্রে দিনাজপুর জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে। সবার সহযোগিতায় ঐতিহ্য উৎসব সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সহসভাপতি আজহারুল আজাদ জুয়েল, লেখক ও গবেষক আলী ছায়েদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মিজানুর রহমান ডোফুরা, গোলাম রাব্বানী, মাসুদা খাতুন, মেহেনাজ পারভীন, রিতা হেমরম, মিনতি রানী রায় ও চন্দন সরকারসহ অনেকে।
সভায় সিদ্ধান্ত হয়, ঐতিহ্য উৎসব আয়োজনের বিষয়ে আগামী ২১ নভেম্বর সংবাদ সম্মেলন করা হবে। একই দিনে গঠন করা হবে ‘ঐতিহ্য উৎসব উদযাপন কমিটি’।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।