দিনাজপুর

ভালো দাম পাওয়ার আশায় আগাম আলু চাষে ঝুঁকছেন নবাবগঞ্জের কৃষকেরা

বাজারে ভালো দাম পাওয়ার আশায় আগেভাগেই জমিতে আলু রোপণ করছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষকেরা। তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের চেয়ে লোকসানের শঙ্কাই বেশি ভাবাচ্ছে তাঁদের। বাড়তি খরচ ও ঝুঁকি নিয়েই আগাম আলু চাষে নেমেছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে শুরু হয়েছে আগাম জাতের আলু রোপণের কাজ। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত বীজ রোপণে। কৃষকদের আশা, মৌসুমের শুরুতেই আলু বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে। তবে আবহাওয়া অনুকূলে থাকা এবং বাজারদর স্থিতিশীল থাকার ওপর তাঁদের লাভ-লোকসান অনেকটাই নির্ভর করছে।

পদুমহার গ্রামের কৃষক ওবায়দুল ইসলাম বলেন, আগাম আলু চাষে খরচ অনেক বেশি। বীজ, সার, কীটনাশক ও জমি তৈরিতে প্রচুর টাকা ব্যয় করতে হয়। মৌসুমের শুরুতে বাজারে ভালো দাম পাওয়া গেলে লাভের মুখ দেখা সম্ভব। কিন্তু আলু ওঠার সময় দাম কমে গেলে লোকসান গুনতে হবে। তারপরও লাভের আশায় তিনি আগাম আলু চাষ করছেন।

একই উপজেলার নলেয়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, আগাম আলু বাজারে তুলতে পারলে সাধারণত ভালো দাম পাওয়া যায়। তবে আবহাওয়া ও বাজার পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। প্রতিবছর চাষের খরচ বাড়ছে। উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা কিছুটা স্বস্তি পাবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবাবগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৫০ হেক্টর। এ আবাদ থেকে ১৮ হাজার ৫০০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, প্রতিবছরের মতো এবারও উপজেলায় আগাম আলু চাষ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে। এসব আলু ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে উত্তোলন করে বাজারজাত করা যায়। ফলে মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এবার ভালো ফলনের ব্যাপারেও তাঁরা আশাবাদী।

কৃষকেরা বলছেন, আগাম আলু চাষে লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি রয়েছে বড় ধরনের ঝুঁকিও। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে তাঁদের পরিশ্রম সার্থক হবে। এখন তাঁদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া ও ভালো বাজারদর—দুটিই যেন শেষ পর্যন্ত তাঁদের সহায় হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...